
নিজের ২০ শতক জমি চাষ করে সংসার চলত না তাঁর। স্ত্রী ও তিন সন্তান নিয়ে কষ্টেশিষ্টে দিন কাটত। বাধ্য হয়ে শুরু করেন দিনমজুরের কাজ। তাতেও দুঃখের দুয়ার বন্ধ হলো না। শেষমেশ গ্রাম ছেড়ে কাজ নেন ঢাকায় পোশাক কারখানায়। তবে এখন তিনি একটি বোতাম কারখানার মালিক। তাঁর কারখানায় কর্মসংস্থান হয়েছে ১৬টি পরিবারের। জীবনসংগ্রামে সফল এই ব্যক্তি হলেন মজিবর রহমান (৫৮)।
মজিবরের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের উলাইল গ্রামে। দরিদ্র কৃষক বাবার ঘরে জন্ম তাঁর। দুই ভাই ও চার বোনের মধ্যে সবার বড় তিনি। অভাব-অনটনের কারণে পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় স্কুলে যাওয়া বাদ দেন। এরপর অন্যের জমিতে দিনমজুরের কাজ শুরু করেন।
প্রায় ৩২ বছর আগে বিয়ে করেন মজিবর রহমান। পৈতৃক সূত্রে পাওয়া ৩০ শতক জমি ও একচিলতে বসতভিটায় একটা ছোট্ট টিনের ছাপরাঘর তুলে সংসার শুরু করেন। নিজের ও অন্যের জমি চাষ করে চলছিল না সংসার। সময়ের হাত ধরে ঘরে আসে এক ছেলে ও দুই মেয়ে। অভাব-অনটনে সংসারের ঘানি টানতে না পারায় বছর বিশেক আগে সব ছেড়েছুড়ে ঢাকায় চলে আসেন। কাজ নেন এক পোশাক কারখানায়।
ওদিকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়িয়ে অর্থাভাবে ছেলে জাকির হোসেনের পড়া বন্ধ হয়ে গেলে তাকেও ঢাকাতেই এক বোতাম তৈরির কারখানায় কাজে লাগিয়ে দেন মজিবর। আর ১০ শতক জমি বেচে জোগান দুই মেয়ের বিয়ের খরচ। এবার যেন আর পিছুটান নেই। স্বপ্নজয়ে শুরু করেন নতুন এক সংগ্রাম।
স্বপ্নযাত্রার শুরু: ২০০৭ সাল। একদিন ছেলেকে দেখতে তার কর্মস্থল বোতাম তৈরির কারখানায় যান। নজর পড়ে বোতাম তৈরির দিকে। কীভাবে বোতাম তৈরি হচ্ছে দেখলেন ঘুরে ঘুরে। এতে বোতাম তৈরির দিকে নিজের আগ্রহ জাগে। ভাবলেন, যন্ত্র কিনে গ্রামে গিয়ে নিজেই বোতাম তৈরি করলে কেমন হয়!
যেই ভাবা, সেই কাজ। পোশাক কারখানায় কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি ছেলের কাছে বোতাম তৈরির প্রশিক্ষণ নেওয়া শুরু করেন মজিবর। একসময় গ্রামে ফিরে নিজের ২০ শতক জমিও বিক্রি করে দেন। জমি বিক্রির ৫০ হাজার টাকায় কেনেন বোতাম তৈরির দুটি ম্যানুয়াল (হাতে কাজ করার) যন্ত্র। গ্রামের বাজারে দোকান ভাড়া নিয়ে বসান এই যন্ত্র। ছেলেকে গ্রামে ফিরিয়ে এনে এবং একজন নারী শ্রমিক নিয়ে শুরু করেন বোতাম তৈরি।
শুরুর দিকে প্রতিদিন দু-তিন হাজার পিস বোতাম তৈরি করতে পারতেন মজিবর। বিক্রি করতেন প্রতি হাজার বোতাম ২৫০ টাকা। বছর খানেক এভাবে চলার পর উৎপাদন খরচ বেড়ে যায়। এ ছাড়া পোশাক কারখানাগুলোতে মন্দা দেখা দেওয়ায় বোতামের চাহিদাও কমে যায়। এতে ছোট পরিসরে লাভের মুখ দেখতে পেলেন না মজিবর। প্রয়োজন হলো আরও মূলধনের।
আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় কারখানার আয়তন বড় করার চেষ্টা শুরু করেন মজিবর। তবে পরিবারের লোকজন তাঁর এই প্রচেষ্টায় উৎসাহ দেননি। ছেলে জাকির ঢাকায় আগের কারখানায় যোগ দিতে চাইল। তবে মনোবল হারাননি মজিবর। স্থানীয় বিভিন্ন সমবায় সমিতি থেকে ঋণ নেওয়ার চেষ্টা করেন।

মজিবর জানান, সমিতি থেকে যে পরিমাণ ঋণ-সহায়তা দেওয়ার কথা বলে, তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। ইতিমধ্যে একটি সরকারি ব্যাংকের তৎকালীন পরিচালক ও মানিকগঞ্জ জজকোর্টের সরকারি কৌঁসুলি আবদুস সালামের সঙ্গে তাঁর পরিচয় হয়। মজিবর তাঁর প্রচেষ্টার কথা একদিন তাঁকে জানান। পরে এই পরিচালক তাঁর কারখানা পরিদর্শনে যান এবং ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা ঋণ দেন।
সেটা ২০১০ সালের কথা। ঋণের পাঁচ লাখ টাকা, হাতে বোতাম তৈরির যন্ত্র দুটি বিক্রির টাকা ও কিছু ধার-দেনা—সব মিলিয়ে সাত লাখ ৬৫ হাজার টাকা দিয়ে মজিবর দুটি অটোমেশিন (বৈদ্যুতিক যন্ত্র) কেনেন। এরপর বাড়িতে দোচালা টিনের ঘরে যন্ত্র দুটি স্থাপন করেন। কিন্তু কাঁচামালের অর্থসংকটের কারণে কারখানা চালু করতে হিমশিম খান। এ অবস্থায় আবদুস সালাম ব্যাংক থেকে আরও চার লাখ টাকা ঋণ দিয়ে সহায়তা করেন। শুরু হয় মজিবরের ঘুরে দাঁড়ানো।
মজিবর খুলনা ও বাগেরহাটের নারিকেল তেল তৈরির বিভিন্ন কারখানা থেকে নারকেলের খোল কিনে ট্রাকে করে কারখানায় আনতে থাকেন। এরপর তা থেকে যন্ত্রের মাধ্যমে বোতাম তৈরি করে তা ঢাকার বিভিন্ন পোশাক কারখানা ও বায়িং হাউসে সরবরাহ শুরু করেন।
মজিবর বলেন, এই মুহূর্তে তাঁর কারখানায় একটি লেদ মেশিনসহ ৫০ লক্ষাধিক টাকার বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে। আর তিনি ছাড়াও তাঁর ছেলে ও দুই মেয়ের জামাই এবং ১৬ জন নারী শ্রমিক তাঁর এই কারখানায় কাজ করছেন। কারখানার জন্য একটি পাকা ভবনও নির্মাণ করছেন।
মজিবর জানান, এখন প্রতিদিন তিনি বোতাম সরবরাহ করেন প্রায় ৩০ হাজার পিস। প্রতি হাজার বিক্রি করেন ৫০০ টাকায়। সেই হিসাবে প্রতিদিন বিক্রি হয় ১৫ হাজার টাকার বোতাম। কর্মীদের বেতন, কাঁচামাল, পরিবহন ইত্যাদি খরচ বাদে মাসে প্রকৃত লাভ হয় ৪০-৪৫ হাজার টাকা।
কারখানায় কাজ করেন স্থানীয় তালুকনগর গ্রামের রেহেনা আক্তার (৩৫)। তিনি বলেন, স্বামী ও তিন সন্তান নিয়ে পাঁচজনের সংসার তাঁর। দিনমজুর স্বামীর আয়ে সংসার চলে না। এ কারখানায় কাজ পেয়ে বাড়তি আয়ের একটা সুযোগ হয়েছে। এখন স্বামী ও নিজের রোজগারে সংসার ভালোভাবেই চলছে। এক ছেলে ও এক মেয়েকে স্কুলেও পড়াচ্ছেন।
বোতাম তৈরির প্রক্রিয়া: প্রথমে নারকেলের খোল ধুয়ে বা কাঁচি দিয়ে চেঁছে পরিষ্কার করা হয়। এটি কাটিং মেশিনের মাধ্যমে কেটে বোতামের আকৃতি করা হয়। কর্মীদের ভাষায় এগুলোকে ট্যাবলেট বলে। এই ট্যাবলেট টানিং মেশিনের মাধ্যমে পরিপূর্ণ বোতামে পরিণত করা হয়। পরে তা পলিশ যন্ত্রের মাধ্যমে করা হয় ব্যবহারের উপযোগী।
সরেজমিনে একদিন: মানিকগঞ্জের ঘিওর-দৌলতপুর সড়কের মান্দারতা হয়ে উলাইল বাজার। এই বাজারের আধা কিলোমিটার দক্ষিণে মজিবরের বাড়ি। সম্প্রতি তাঁর বাড়ির ওই কারখানায় গিয়ে দেখা যায়, বাড়ির রাস্তার পাশে রাখা নারকেলের খোলগুলো তিনজন নারী কারখানায় নিচ্ছেন। ছয়-সাতজন নারী সেগুলো কাঁচি দিয়ে পরিষ্কার করছেন। তিনজন শ্রমিক কাটিং মেশিনের সাহায্যে তা বোতামের আকার করছেন। সেগুলো দুটি অটোমেশিনে দিচ্ছেন দুই শ্রমিক। কিছুক্ষণের মধ্যেই সেগুলো বোতাম হয়ে বেরিয়ে আসছে। এরপর সেগুলো পলিশযন্ত্র দিয়ে পরিষ্কার ও আকর্ষণীয় করা হচ্ছে। সবশেষে করা হচ্ছে প্যাকেটজাত।
মুঠোফোনে কথা হয় ব্যাংকের সেই পরিচালক আবদুস সালামের সঙ্গে। বললেন, ‘কর্মোদ্যমী মানুষটির কথা শোনার পর তাঁর কারখানায় যাই। তাঁর প্রচেষ্টা আমাকে মুগ্ধ করে। ভাবলাম, কিছুটা আর্থিক সহযোগিতা পেলে এই উদ্যোগী লোকটি স্বাবলম্বী হতে পারে। সেই চিন্তা থেকে তাঁকে ব্যাংকঋণের ব্যবস্থা করা।’
আবদুস সালাম বলেন, ‘কেবল তিনি (মজিবর) নিজের ভাগ্য পরিবর্তন করেননি, তাঁর কারখানায় অজোপাড়াগাঁয়ের নারীদের কর্মসংস্থানের মাধ্যমে নতুন পথেরও সূচনা করেছেন।’
আর কারখানার পরিসর আরও বাড়িয়ে গ্রামের দরিদ্র মানুষের বেকারত্ব ঘোচানোর স্বপ্ন দেখেন মজিবর। বললেন, ‘আর্থিক সহযোগিতা পেলে কারখানার উৎপাদন আরও বাড়ানো হবে। অনেক লোকের কর্মসংস্থান হবে, তাঁদের পরিবারে সচ্ছলতা আসবে—এটাই আমার স্বপ্ন।’