ঈদ বোনাস নিয়ে স্ত্রী-সন্তানসহ গতকাল রোববার গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল টঙ্গীর টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানার কর্মী সোলেমান মিয়ার। গত শনিবার শেষ কর্মদিবসে কারখানায় গিয়েছিলেন সোলেমান। বোনাস নিয়ে বাড়ি যাবেন। গতকাল তিনি ঠিকই বাড়ি ফিরলেন। তবে বোনাস নিয়ে নয়, লাশ হয়ে।
২০১০ সালে টাম্পাকো কারখানায় স্টোর শ্রমিক হিসেবে যোগ দেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আনুহা গ্রামের সোলেমান। স্ত্রী নাছিমা আক্তার, ছেলে নাসির মিয়া (১০) ও মেয়ে লামিয়া আক্তারকে (২) নিয়ে টঙ্গীর পূর্ব আরিচপুরে এক বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার ভোরে সোলেমান বাসা থেকে টাম্পাকো কারখানায় যান। সেখানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে করুণ মৃত্যু হয় তাঁর।
গতকাল আনুহা গ্রামে গিয়ে দেখা যায়, সেখানে মাতম। সোলেমানের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছিল পরিবেশ। সোলেমানের মা খাদেজা বানু ও স্ত্রী নাছিমা আক্তার শোকে নির্বাক। সোলেমানের বাবা করিম মিয়া কান্নাভেজা কণ্ঠে বলেন, ‘আমার ছেলে সোলেমানের জীবিত বাড়ি ফেরা হলো না। রোববার বাড়ি আসার কথা ছিল তাঁর। স্ত্রী-সন্তানদের নিয়ে আমাদের সঙ্গে ঈদ করার কথা। অথচ এখন তার লাশ আসল।’
গতকাল বাদ জোহর স্থানীয় স্কুলমাঠে জানাজা শেষে আনুহা গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয় সোলেমানকে।