বোমা মেশিনে 'ঈদ-বাণিজ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধলাই নদের দিকে মুখ করে বসানো একেকটি যন্ত্র। সামনে নৌকা আর পেছনে পাথরশ্রমিকেরা। সারিবদ্ধ করে বসানো যন্ত্রগুলো চালানো হয় পালা করে। সেখানে পাহারায় নিয়োজিত আছে পাথরশ্রমিকদের একটি দল।
এ অবস্থা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারির পার্শ্ববর্তী রেলওয়ের রজ্জুপথের (রোপওয়ে) সংরক্ষিত এলাকার।
নদের দিকে মুখ করে বসানো এসব যন্ত্র হচ্ছে পরিবেশ বিধ্বংসী ‘বোমা মেশিন’। ব্যবহারকারী ও পাথরশ্রমিকেরা ঈদকে উপলক্ষ করে এভাবেই নিষিদ্ধ এ যন্ত্র দিয়ে পাথর তুলছেন।
প্রায় এক সপ্তাহ ধরে প্রতিদিন দুই শতাধিক বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকযোগে প্রচারণা চালিয়ে বন্ধ করা যাচ্ছে না এ তৎপরতা।
ভোলাগঞ্জ বাংলাদেশের অন্যতম বৃহৎ পাথর কোয়ারি। মাটির প্রায় ৫০ থেকে ৬০ ফুট গভীর থেকে এই যন্ত্র দিয়ে পাথর উত্তোলন করায় ভূগর্ভস্থ পরিবেশের ব্যাপক ক্ষতি হয়।
বাংলদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০০৯ সালে এ-সংক্রান্ত একটি রিট দাখিল করলে উচ্চ আদালত ধলাই নদসহ সিলেট অঞ্চলের পাথর কোয়ারিগুলোতে যন্ত্র দিয়ে পাথর উত্তোলন বন্ধ রাখতে বোমা মেশিন নিষিদ্ধ করেন।
পাশাপাশি নিষিদ্ধ এ যন্ত্রের ব্যবহার বন্ধে ভোলাগঞ্জ ও জাফলংয়ে স্থানীয় উপজেলা প্রশাসনকে নিয়ে পরিবেশ অধিদপ্তরকে অভিযান পরিচালনা করতে নির্দেশনা দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, নিষিদ্ধ এ যন্ত্রের ব্যবহার বন্ধ রাখতে ভোলাগঞ্জ ও জাফলংয়ে স্থানীয় প্রশাসনকে নিয়ে প্রতি মাসে অন্তত দুটি করে অভিযান পরিচালনা হচ্ছে।
গত ২২ এপ্রিল কোম্পানীগঞ্জের তৎকালীন ইউএনওর নেতৃত্বে বোমা মেশিন ব্যবহার বন্ধে অভিযান শেষে ফেরার পথে ভোলাগঞ্জের পাড়ুয়াবাজার এলাকায় অভিযান পরিচালনাকারীরা পাথরশ্রমিকদের হামলার মুখে পড়েন।
এ ঘটনার পর ইউএনও নিরাপত্তাহীনতার বিষয়টি উল্লেখ করে অভিযান পরিচালনায় অপরাগতা প্রকাশ করলে ভোলাগঞ্জে এ অভিযান অনিয়মিত হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রজ্জুপথের সংরক্ষিত ৩৫৯ একরের মধ্যে প্রায় ১৪১ একর জায়গাজুড়ে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন চলছে। রজ্জুপথের পুরো এলাকা দেখভালের দায়িত্বে রয়েছে রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
গত ১০ এপ্রিল রাতে পাথর ব্যবসায়ীদের একটি চক্র রজ্জুপথের সংরক্ষিত এলাকায় গর্ত খুঁড়ে পাথর উত্তোলন শুরু করলে ২২ এপ্রিল থেকে ওই এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়।
পাথর ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ভোলাগঞ্জের স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বোমা মেশিনের সঙ্গে সম্পৃক্ত পাথর ব্যবসায়ীদের একটি সংঘবদ্ধ দল গত ১৬ জুলাই থেকে রজ্জুপথের সংরক্ষিত এলাকায় পাথরশ্রমিকদের প্রকাশ্যে রেখে আড়াল থেকে বোমা মেশিন পরিচালনা করছেন।
প্রায় এক সপ্তাহে এ তৎপরতায় রেলওয়ের সংরক্ষিত এলাকার উত্তর, পশ্চিম ও পূর্বদিকের বিরাট অংশ ক্ষতবিক্ষত হয়েছে। এতে করে ওই এলাকা ধলাই নদের গর্ভে চলে যাওয়ার আশঙ্কা¦করছেন স্থানীয় লোকজন।
সূত্র জানায়, বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনে প্রকাশ্যে সাধারণ পাথরশ্রমিকদের দেখা গেলেও আড়ালে আছেন ক্ষমতাসীন দলের রাজনীতির ছত্রচ্ছায়ায় থাকা প্রভাবশালী পাথরব্যবসায়ীরা। তবে রাজনৈতিক এ প্রভাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের কয়েকজন নেতা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদ জানান, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩ জন নেতা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সম্প্রতি উপজেলা প্রশাসনকে ক্ষমতাসীন রাজনৈতিক দাপট দেখিয়ে বোমা মেশিন ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুকন উদ্দিন জানান, তিনি নতুন এসেছেন (গত ৪ জুলাই যোগদান করেন)। অবস্থা বুঝে এ ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেবেন। বোমা মেশিন বন্ধে প্রশাসনের উদ্যোগে মাইকযোগে প্রচারণাও চালিয়েছেন।
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ইউএনওর নেতৃত্বে অভিযান হয়। যে কারণে এত দিন অভিযান বন্ধ ছিল। এখন নতুন ইউএনও এসেছেন, ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তরকে নিয়ে একটি অভিযানও চালিয়েছেন। বড় পরিসরে আরও অভিযান চালানো প্রয়োজন।