বোয়ালখালীতে সন্ত্রাসী হামলায় ২ ভাই আহত
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার রোয়াইপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসীরা দুই ভাইকে কুপিয়ে আহত করেছে। তাঁরা হলেন মোহাম্মদ আলমগীর ও তাঁর ছোট ভাই শফিউল আলম। গতকাল শনিবার সকালে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
আহত আলমগীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘রেল থেকে ইজারা নেওয়া জায়গা দেখতে গেলে কয়েকজন সন্ত্রাসী আমার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের একজন কামাল, যে ডাকাতি মামলার আসামি। এরপর কী হয়েছে জানি না। আমাকে হাসপাতালে নিয়ে আসা হয়।’
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী ঘটনার বর্ণনা দিয়ে জানান, গতকাল সকালে রোয়াইপাড়ায় ইজারা নেওয়া জায়গায় যান মোহাম্মদ আলমগীর। ওই জায়গা জান্নাতুল ফেরদৌস নামের এক নারী আগে থেকে ব্যবহার করছেন। আলমগীর সেখানে গেলে জান্নাতুলের লোকজন হামলা চালায়। এতে আলমগীর ও তাঁর ভাই আহত হন।
এ বিষয়ে আলমগীর জানান, জান্নাতুল ফেরদৌস পাঁচ বছর ধরে সেখানে বসবাস করছে। কিন্তু ভাড়া দিচ্ছেন না। জায়গাও ছাড়ছেন না।