জয়পুরহাটের আক্কেলপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রামের মাঝখানের একটি রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে রেখেছেন পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকেরা। উপজেলার তিলকপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। ফলে গতকাল শুক্রবার সকাল থেকে চলাচলে ভোগান্তিতে পড়েছেন কৈগাড়ী গ্রামের বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, তিলকপুর ইউপির ২ নম্বর ওয়াডে৴র সাধারণ সদস্য পদে ৪ প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। এর মধ্যে ফুটবল প্রতীকের রাজ্জাকুল হায়দারের বাড়ি খুলিয়াগাড়ী গ্রামে। বিজয়ী টিউবওয়েল প্রতীকের প্রার্থী রফিকুল ইসলামের বাড়ি কৈগাড়ী গ্রামে। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে রফিকুল বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রাজ্জাকুল। ভোটের পর বৃহস্পতিবার রাতে দুই গ্রামের লোকজনের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। এরপর শুক্রবার সকালে রাজ্জাকুলের সমর্থকেরা দুই গ্রামে চলাচলের কাঁচা রাস্তায় বাঁশের বেড়া দেন। আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত সেই বেড়া সরেনি।
শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, খুলিয়াগাড়ী-কৈগাড়ী গ্রামের মধ্যে চলাচলের কাঁচা রাস্তায় খুলিয়া গ্রামের অংশে বাঁশের বেড়া দেওয়া আছে। বেড়ার উত্তর পাশে খুলিয়া গ্রামের কয়েকজন নারী-পুরুষ বসে রাস্তা পাহারা দিচ্ছিলেন।
পরাজিত প্রার্থী রাজ্জাকুল হায়দার বলেন, তাঁদের ভোটকেন্দ্র করমজি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার সেখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। আক্কেলপুর উপজেলা যুবলীগের সভাপতি রানা চৌধুরী ও তাঁর স্ত্রী স্বপ্না চৌধুরী সাংবাদিক সেজে ভোটকেন্দ্রে অবস্থান নিয়েছিলেন। ভোট গণনা শেষে প্রথমে তাঁকে ছয় ভোটে বিজয়ী করা হয়। এরপর রানা চৌধুরী ও স্বপ্না চৌধুরী ভেতরে আসার পর তৃতীয়বারের মতো ভোট গণনা করে তাঁকে ৪২ ভোটে পরাজিত দেখানো হয়। গ্রামের লোকজন প্রহসনের ফল মেনে নেননি। এ কারণে গ্রামের লোকজনের চলাচলের রাস্তায় বেড়া দিয়েছেন। এখানে তাঁর করার কিছুই নেই।
খুলিয়াগাড়ী গ্রামের আবদুর রহমান, ফজলুল হক ও নাদিরা বেগম বলেন, ইউপি সদস্য প্রার্থী রাজ্জাকুল হায়দারকে পরিকল্পিতভাবে ফেল করানো হয়েছে। এ কারণে গ্রামের লোকজন রাস্তায় বেড়া দিয়েছেন। রানা চৌধুরী ও স্বপ্না চৌধুরী গ্রামে আসার পর রাস্তা থেকে বেড়া খুলে দেওয়া হবে।
নবনির্বাচিত ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘আমি বিজয়ী হওয়ার পর খুলিয়াগাড়ী গ্রামের লোকজন রাস্তায় বাঁশের বেড়া দিয়েছেন। এতে লোকজন চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন।’
রানা চৌধুরী ও স্বপ্না চৌধুরী বলেন, তাঁরা সাংবাদিক হিসেবে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। করমজি ভোটকেন্দ্রও গিয়েছিলেন। সেখানে নিয়ম মেনে ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছিলেন। রাজ্জাকুল হায়দার ও তাঁর কর্মী-সমর্থকদের আনা অভিযোগ সঠিক নয়।
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান প্রথম আলোকে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে এরকম কোনো অভিযোগ পাননি। তবে সেখানে পুলিশ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।