বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেল তিন বছরের ফারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

কুমিল্লার ব্রা‏হ্মণপাড়ায় পুকুরে ডুবে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে ব্রা‏হ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

ওই শিশুর নাম ফারিয়া সুলতানা (৩)। সে কুমিল্লা সদর উপজেলার রসুলপুর গ্রামের প্রবাসী শামিম মিয়ার মেয়ে। ফারিয়া তার মায়ের সঙ্গে ব্রা‏হ্মণপাড়ায় খালার বাড়িতে বেড়াতে এসেছিল।

ফারিয়ার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর দুইটার পর থেকে ফারিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর পশ্চিম পাড়ার একটি পুকুরে ফারিয়াকে ভেসে থাকতে দেখা যায়। পরে বাড়ির লোকজন ফারিয়াকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফারিয়ার এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফারিয়ার লাশ বর্তমানে তার খালার বাড়িতে রাখা হয়েছে।

ব্রা‏হ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, পানিতে ডুবে এক শিশু নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।