বেড়াতে নিয়ে একাধিকবার শিশু ধর্ষণের মামলায় স্বজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

রাজশাহীর বাগমারায় মোটরসাইকেলে বেড়াতে নিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় ৫০ বছর বয়সী এক স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে এবং শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, কাছের এক স্বজন ১১ বছরের মেয়েটিকে তাঁর মোটরসাইকেলে বেড়াতে যাওয়ার লোভ দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন। এ ঘটনা কাউকে না বলতে শিশুটিকে ভয়ভীতি দেখান তিনি। ঘটনা প্রকাশ করলে তিনি মেরে ফেলার হুমকিও দেন। গত ২৮ আগস্ট মোটরসাইকেলে মেয়েটিকে বেড়াতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন ওই স্বজন। শিশুটি অসুস্থ হয়ে পড়লে মায়ের কাছে সবকিছু বলে সে। পরে মেয়েটির বাবা গতকাল শুক্রবার রাতে থানায় ধর্ষণের মামলা করেন। গতকাল রাতেই অভিযান চালিয়ে ওই স্বজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বাদী শিশুটির বাবা বলেন, ‘এত কাছের স্বজন এমন জঘন্য কাজ করতে পারেন, ভাবতে পারিনি। আমি মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।’

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করা হবে।