বেড়েছে ডায়রিয়ার রোগী, সচেতন থাকার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি থাকা বেশির ভাগই ডায়রিয়ায় আক্রান্ত। গতকাল দুপুরে
প্রথম আলো

ডায়রিয়া আক্রান্ত দেড় বছর বয়সী শিশু আসাদের স্যালাইন চলছিল। হাসপাতালের শয্যায় শিশুটি কান্নাকাটি করায় গতকাল বুধবার দুপুরে বারান্দায় একটি স্ট্যান্ডে স্যালাইন ঝুলিয়ে দেওয়া হয়। সেখানেই শিশুটিকে কোলে ধরে রেখেছিলেন মা রুমি বেগম। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে আসা আসাদ গত তিন দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি থাকা এ শিশুর শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।

হাসপাতালটিতে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। ডায়রিয়া আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি এপ্রিলে ২০ দিনে হাসপাতালে মোট ২৬৮ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৮০ জনই শিশু। বাকিদের মধ্যে ৫৪ নারী এবং ৩৪ জন পুরুষ রয়েছেন। গড়ে প্রতিদিন ১৩ জন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে গত মার্চে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৯৫ জন। এর মধ্যে ২২৭ জন শিশু। আর জানুয়ারিতে চিকিৎসা নেন মোট ৩৯০ জন।

গতকাল সদর উপজেলার সন্নাসীপাড়া এলাকা থেকে আসা খাদিজা আক্তার বলেন, তাঁর এক বছর বয়সী ছেলে মুস্তাকিন ডায়রিয়ায় আক্রান্ত। গত মঙ্গলবার সকালে শিশুটিকে হাসপাতালে ভর্তি করেছেন। গতকাল দুপুর পর্যন্ত স্যালাইন চলছে। শিশুটির অবস্থা এখন কিছুটা ভালোর দিকে।

সদর উপজেলার জগদল-চৈতন্যপাড়া এলাকার বাসিন্দা ফরিদা আক্তার (৪০) বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই তাঁর বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাওসার আহমেদ বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে এসব ডায়রিয়া হতে পারে। ঠান্ডা চলে গিয়ে গরম আসার সময়টাতে ডায়রিয়া হয়ে থাকে। বর্তমানে ডায়রিয়া আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যা কিছুটা বেশি। খাবার তৈরি ও খাবার খাওয়ানোর আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। বাইরের বা পচা–বাসি খাবার খাওয়া যাবে না।