বৈঠা বেয়ে স্কুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেরাই নৌকা বেয়ে বিদ্যালয়ে যাচ্ছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কাজী সুলতান আহম্মেদ উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা। সম্প্রতি কালুগাজীর মোড় থেকে তোলা ছবি l প্রথম আলো
নিজেরাই নৌকা বেয়ে বিদ্যালয়ে যাচ্ছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কাজী সুলতান আহম্মেদ উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা। সম্প্রতি কালুগাজীর মোড় থেকে তোলা ছবি l প্রথম আলো

ওরা ১৫ থেকে ১৬ জন স্কুলছাত্রী। পড়ে একটি উচ্চবিদ্যালয়ে। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব আড়াই কিলোমিটার। মাঝখানে নদী। বর্ষাকালে প্রায় দেড় কিলোমিটার পানিপথ পেরিয়ে বিদ্যালয়ে পৌঁছাতে হাঁটতে হয় আরও এক কিলোমিটার। শুকনা মৌসুমেও পেরোতে হয় নদী। তারা নিজেরাই লগি-বৈঠায় নৌকা চালিয়ে বিদ্যালয়ে আসে।
পড়াশোনার প্রতি অদম্য আগ্রহই লগি-বৈঠা বেয়ে থইথই পানি পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার মূল প্রেরণা ছাত্রীদের। ওদের স্বপ্ন অনেক বড়। এগোতে চায় অনেক দূর। এরা চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উচ্চবিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী। বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে।
চাঁদপুর জেলা সদর থেকে প্রায় ১৭ কিলোমিটার ও মতলব দক্ষিণ উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরের গ্রাম বিষ্ণুপুর। চাঁদপুর সদর উপজেলার মধ্যে অবস্থিত এ গ্রামটির পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে ধনাগোদা নদী। উত্তর দিকে লোকালয়।
সম্প্রতি একদিন সকাল নয়টার দিকে স্কুলটির অদূরে কালুগাজীর মোড়ে গিয়ে দেখা গেল, নিজেরাই নৌকা বেয়ে কয়েকজন ছাত্রী তীরে নামছে। নৌকায় লগি-বৈঠা রেখে এল তারা। কথা হলো তাদের একজনের সঙ্গে। নাম সাথী আক্তার। নবম শ্রেণিতে পড়ে। তাকে প্রশ্ন করি, নৌকা বাইতে ভয় লাগে না? সাথীর সাহসী জবাব, ‘ভয় লাগবে কেন! ছেলেরা নৌকা চালাইতে পারলে আমরা পারব না কেন? পড়ার জন্য সবকিছুই করতে হবে।’ আবার প্রশ্ন করি, ‘বড় হয়ে কী হতে চাও? জবাব এল, ‘সবাই চায় ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে। আমার ইচ্ছা একজন ভালো মানুষ হওয়া। আমাদের দেশে ভালো মানুষের খুব অভাব।’
সাথী ছাড়াও বিষ্ণুপুর গ্রাম থেকে নৌকা বেয়ে বিদ্যালয়ে আসে অষ্টম শ্রেণির তাছলিমা আক্তার, আসমা আক্তার, হালিমা আক্তার, আমেনা আক্তার, খাদিজা আক্তার, মাকসুদা আক্তার, দশম শ্রেণির শারমিন আক্তার, নবম শ্রেণির কেয়া আক্তার, সাবিনা ইয়াসমিন, রুমি আক্তার, তানিয়া আক্তার, জেসমিন আক্তার, দিলরুবা আক্তার, এসএসসি পরীক্ষার্থী লিপি আক্তারসহ ১৫ থেকে ১৬ জন ছাত্রী। জানা গেল, এভাবে নৌকা চালিয়েই তারা প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী খাদিজা আক্তার বলল, ঝড়-বৃষ্টির সময় নদীতে ঢেউ থাকে। নৌকা চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সে জানাল, প্রায় এক ঘণ্টা নৌকা চালাতে হয়। এরপর হাঁটতে হয় প্রায় আধা ঘণ্টা। তারপর বিদ্যালয়। শুকনো মৌসুমেও নৌকা বেয়ে নদী পার হতে হয়। খাদিজার চাওয়া, সরকার বা কেউ যদি গ্রামে একটা হাইস্কুল করে দিত, তাহলে এত কষ্ট করতে হতো না। নদীর ওপর একটা সেতু করে দিলেও হতো।
পড়াশোনার প্রতি কিশোরীদের আগ্রহের কথা জানা যায় তাদের অভিভাবক আর গ্রামবাসীর কাছ থেকেও। খাদিজার মা আছমা আক্তার বলেন, ‘আমাগো জমিজমা নাই। ধারকর্জ কইরা মেয়েরে একখান ডিঙি নৌকা কিন্না দিছি। ইচ্ছা আছে মাইয়ারে লেখাপড়া শিখাইয়া অনেক বড় করুম। মানুষের মতো মানুষ করুম। এলিগা কষ্ট গায়ে লাগে না এহন। সে ও পড়তে চায়।’ সাথীর বাবা আবুল কালাম গাজী বলেন, ‘মেয়েকে লইয়া চিন্তা করি না। ওর সাহস আছে। লেহাপড়ার প্রতি খুব টান। অভাবের লইগা খরচ দিতে পারি না। স্কুল বন্ধের সুমও আমার লগে কাম করে।’
কথা হয় বিষ্ণুপুর গ্রামের বাদশা গাজীর (৬০) সঙ্গে। তাঁর কথা, ‘এগো অবস্থা করুণ। কারও বাবা মাছ বেচে, কারও বাবা দিনমজুর। মেয়েগুলি নিজেরাই নৌকা বাইয়া প্রতিদিন স্কুলে আওন-যাওন করে। মাছ ধইরা নিজেরাই বেচে। অন্য কাম-কাইজও করে।’
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেল, বিষ্ণুপুরে প্রায় ২০ হাজার মানুষের বাস। কিন্তু গ্রামটিতে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নেই। বাসিন্দাদের বেশির ভাগই চাষাবাদ ও মাছ ধরে বিক্রি করে জীবন চালান। চেয়ারম্যান জানালেন, বিষ্ণুপুরে স্কুল করা গেলে মেয়েদের এ যাতায়াতের কষ্ট লাঘব হতো।
কাজী সুলতান আহম্মেদ উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য কামাল হোসেন জানান, এরা লেখাপড়ার প্রতি আগ্রহী। ছোটকাল থেকেই সংগ্রাম করে এরা বড় হয়েছে। খেয়ে না-খেয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছে। নৌকা চালিয়ে খাল-নদী পার হয়ে নিয়মিত স্কুলে আসে। ওদের এলাকায় একটি উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করা দরকার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেনের ভাষ্য, এরা নিয়মিত স্কুলে আসে। পড়াশোনার পাশাপাশি মাছ ধরে, দিনমজুরিও করে। এরা সমাজের দৃষ্টান্ত।