বৈদ্যুতিক তারে জড়িয়ে বাবা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহ সদর উপজেলায় পানির পাম্পের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সিরতা ভাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মৃত ব্যক্তিরা হলেন আবদুল মজিদ সরকার (৫৫) ও তাঁর ছেলে মাহমুদুল হাসান (১২)। নিহত ব্যক্তিরা সিরতা ভাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা। আবদুল মজিদ একই এলাকার নূর মোহাম্মদের মাছের ঘেরে শ্রমিক হিসেবে কাজ করতেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, অন্যান্য দিনের মতো গতকাল রাতে আবদুল মজিদ ছেলেকে নিয়ে মাছের ঘেরে কাজ করতে যান। এ সময় ঘেরের পাড়ে থাকা ত্রুটিপূর্ণ একটি বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মজিদ। এরপর বাবাকে ছাড়াতে গিয়ে ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

ফারুক হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।