বৈশাখী ভাতার দাবিতে বাসন-খোরা নিয়ে অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উপলক্ষে নগরবাসী যখন উৎসবে মাতোয়ারা, তখন বৈশাখী ভাতার দাবিতে বাসন-খোরা নিয়ে জেলা প্রশাসকের সরকারি বাসভবনের সামনে অবস্থান নেন বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা।

নববর্ষের দিন সকাল ৯টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট আঞ্চলিক কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এর আগে একই দাবিতে গত বৃহস্পতিবার সকালে নগরের সদর রোডে পুলিশের বাধা উপেক্ষা করে কালো পতাকা মিছিল করেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। ওই দিনের কর্মসূচি থেকে তাঁরা পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী বৈশাখী ভাতার ঘোষণা না দিলে পরদিন শুক্রবার বাসন-খোরা নিয়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী গত শুক্রবার সকাল ৯টায় বাসন-খোরা নিয়ে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। পরে তাঁরা মিছিল নিয়ে নগরের রাজা বাহাদুর সড়কে জেলা প্রশাসকের সরকারি বাসভবনের সামনে গিয়ে বাসন-খোরা নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। বেলা সোয়া ১১টায় সেখানে আসেন জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান। তিনি শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর শিক্ষক নেতারা অবস্থান কর্মসূচি শেষ করেন।