বোদা ময়নাগুড়ি উচ্চবিদ্যালয়ে শতবর্ষপূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বোদা ময়নাগুড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উৎসব হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু তৈয়বের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, জেলা শিক্ষা কর্মকর্তা শঙ্কর কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন।
শতবর্ষপূতি উপলক্ষে বিদ্যালয় ও এর চারপাশ বর্ণিল সাজে সাজানো হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে বের করা হয় শোভাযাত্রা। খেলাধুলা, স্মৃতিচারণা ও আড্ডায় জমে উঠে অনুষ্ঠান। পরে প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। বর্তমান সরকার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা ঢেলে সাজাতে কাজ করছে। দেশে এখন শতাধিক বিশ্ববিদ্যালয়। শতবর্ষ ধরে শিক্ষার কল্যাণে কাজ করছে এমন একটি প্রতিষ্ঠানে এসে গর্ববোধ করছি।’ তিনি আরও বলেন, এখন এ জেলা পাথর, চা, লিচু, আম ও কমলার জন্য সুনাম অর্জন করেছে। এটি এখন অপার সম্ভাবনার জেলা।