বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধর, গ্রেপ্তার ১
রাজশাহীর বাঘা উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাঁর ভাইসহ তিনজনকে মারধরের ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলী হোসেন (২০) উপজেলার মনিগ্রাম এলাকার বাসিন্দা। গতকাল গ্রেপ্তারের পর আজ শুক্রবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, উপজেলার স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী বৃহস্পতিবার সকাল দশটার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। সে মনিগ্রাম বাজারের শেষ মাথায় এলে ওই এলাকার আলী হোসেন ও তাঁর দুই বন্ধু ওই ছাত্রীকে আপত্তিকর কথা বলে উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করলে তাঁরা ওই ছাত্রীর হাত ধরে টানাহেঁচড়া করে। ছাত্রী তাঁর ভাইকে মুঠোফোনে বিষয়টি জানালে ভাই ও তাঁর দুই বন্ধু ঘটনাস্থলে আসেন। এ সময় উত্ত্যক্তকারীরা তাঁদের ওপর চড়াও হন। একপর্যায়ে আলী হোসেন মুঠোফোনে আরও দুজনকে ঘটনাস্থলে ডেকে আনেন। আলী হোসেনসহ তাঁর পাঁচ বন্ধু মিলে ওই ছাত্রীর ভাই ও তাঁর দুই বন্ধুকে বেদম মারধর করে। আহত অবস্থায় ছাত্রীর ভাইকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় ওই ছাত্রী গতকাল যৌন হয়রানির অভিযোগে মামলা করেছে। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।