বোনের বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরা হলো না কলেজছাত্র বাপ্পির
বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল মো. শাহারিয়ার বাপ্পি। রাতে ওই বাড়িতেই ছিল। সেখান থেকে সকালে নাশতা করে আবার মোটরসাইকেলে করে নিজের বাড়িতে রওনা দেয় সে। কিন্তু বাপ্পির আর বাড়ি ফেরা হলো না। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেনী-পরশুরাম সড়কের ফেনীর ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহারিয়ার বাপ্পি ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মো. শাহাজাহান মিয়ার ছেলে এবং ফেনী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শাহরিয়ার বাপ্পি গতকাল শুক্রবার বিকেলে মোটরসাইকেলে করে পরশুরাম উপজেলায় তার বোনের বাড়িতে বেড়াতে যায়। রাতে বোনের বাড়িতে থাকার পর আজ সকালে নাশতা করে আবার মোটরসাইকেলে করে নিজের বাড়ি আলোকদিয়ায় রওনা দেয়। পথে ফেনী-পরশুরাম সড়কের বন্দুয়া দৌলতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় বাপ্পি। স্থানীয় লোকজন দ্রুত তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, হাসপাতালে আনার আগেই ওই কলেজছাত্রের মৃত্যু হয়।
এ বিষয়ে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মঈন উদ্দীন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।