বোমা, তরবারি বা বন্দুকের মাধ্যমে শক্তিশালী হতে চাই না: পরিকল্পনামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির নগদ টাকা ও ক্রেস্ট তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে
ছবি: বদর উদ্দিন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বোমা, তরবারি বা বন্দুকের মাধ্যমে শক্তিশালী হতে চাই না। জ্ঞান-বিজ্ঞানে শক্তিশালী হতে চাই।’ আজ রোববার দুপুরে ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে  ‘আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের সাধারণ মানুষের পরিশ্রমের মাধ্যমে আমরা আজ তিন বেলা পেটে ভাত পাচ্ছি। আমাদের ভাতের অভাব ছিল, আশ্রয়ের অভাব ছিল, ওষুধের অভাব ছিল। কাপড়ের অভাব ছিল। কিসের অভাব না ছিল। কিন্তু জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এসব অভাব থেকে মুক্তি পেয়েছি। দেশে অকল্পনীয় উন্নয়ন হয়েছে। হিসাব করে দেখুন, দেশে কয়টা স্কুলের ভবন ছিল, কয়টা খালে সেতু ছিল। দেশের কয়টা বাড়িতে বিদ্যুৎ ছিল। দেশে কয়টা মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ছিল। সব হয়েছে এবং হচ্ছে প্রধানমন্ত্রীর যোগ্য ও সাহসী নেতৃত্বে।’

ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বিএনপির সাংসদ উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, সংরক্ষিত-৩১২ (ব্রাহ্মণবাড়িয়া) আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা প্রশাসক হায়ত-উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ইউএনও আরিফুল হক, জ্যেষ্ঠ পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান, ওসি আসলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজমুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্ত্তী।

ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে
ছবি: প্রথম আলো

সরাইলে ২০১২ সাল থেকে মেধাবী শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ‘আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি’। এ বছর সরাইল উপজেলার ১১টি ও আশুগঞ্জ উপজেলার ২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন ৩ হাজার টাকা, ১টি ক্রেস্ট, সনদ ও মেডেল দেওয়া হয়েছে। এই বৃত্তির আওতায় এখন পর্যন্ত সাত শতাধিক মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষা উপবৃত্তি দেওয়া হয়েছে।