বোমাসদৃশ বস্তুগুলো শক্তিশালী হাতবোমা : পুলিশ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কবরস্থানে পড়ে থাকা বোমাসদৃশ বস্তুগুলো শক্তিশালী হাতবোমা। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ডিএমপির বোমা নিস্ক্রিয়করণ দল বোমাগুলো নিস্ক্রিয় করেছে। স্থানীয় ডাকাত দলের সদস্যরা বোমাগুলো সেখানে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।
ডিএমপি সূত্র জানায়, আজ শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত কবরস্থানে থাকা ছয়টি বোমা একে একে নিষ্ক্রিয় করেন ডিএমপির বোমা নিস্ক্রিয়করণ দলের সদস্যরা।
এ সময় বোমা নিস্ক্রিয়করণ দলের নেতৃত্বে থাকা ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মাহমুদুজ্জামান প্রথম আলোকে বলেন, বোমাগুলো ককটেলের চেয়ে শক্তিশালী। এগুলো এক ধরনের হাতবোমা। সাধারণত ডাকাতির পর জনমনে আতঙ্ক তৈরির জন্য এ ধরনের বোমা ব্যবহার করা হয়ে থাকে।
এর আগে আজ সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোপিন্দী বড় বিনাইরচর কবরস্থানে বোমাসদৃশ বস্তুগুলো দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। এ বিষয়ে কবরস্থানের খাদেম চান শরীফ প্রথম আলোকে জানান, সকালে কবরস্থান পরিষ্কার করতে গিয়ে একটি কবরের পাশে ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো কালো কিছু বস্তু দেখতে পান তিনি। বস্তুগুলো বোমা বলে সন্দেহ হলে স্থানীয় লোকজনের ডেকে এনে দেখান। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘বোমাগুলো কালো স্কচটেপে মোড়ানো ছিল। খবর পাওয়ার পর আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানটি ঘিরে রাখে। বিকেলে ডিএমপির বোমা নিস্ক্রিয়করণ দলের সদস্যরা এসে বোমাগুলো নিষ্ক্রিয় করেন। আমরা ধারণা করছি, স্থানীয় কোনো ডাকাত দল সেগুলো ডাকাতির কাজে ব্যবহারের জন্য সেখানে রেখে গেছে। রাত সাড়ে সাতটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা করা হয়নি।’