বোরো আবাদে অনিশ্চয়তা

১০ দিনের মধ্যে চারা রোপণ করতে না পারলে বীজতলা নষ্ট হয়ে যাবে। এর মধ্যে নলকূপ বসানো সম্ভব নয়।

ঢাকা-সিলেট মহাসড়কের কাজের জন্য ভরাট করে রাখা আশুগঞ্জ পলাশ-অ্যাগ্রো ইরিগেশন প্রকল্পের সেচ খাল। গত রোববার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-আখাউড়া চার লেন মহাসড়কের উন্নয়নকাজ চলছে দুই বছর ধরে। এ জন্য মহাসড়কের পাশের খালটি ভরাট করা হয়েছে। এ কারণে আশুগঞ্জ পলাশ-অ্যাগ্রো ইরিগেশন সেচ প্রকল্পের (সবুজ প্রকল্প) পানি ছাড়া সম্ভব হয়নি। এতে সরাইল উপজেলার সাড়ে পাঁচ হাজার হেক্টর জমির বোরো চাষ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। দুশ্চিন্তায় পড়েছেন হাজারো কৃষক।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া পর্যন্ত ৩ হাজার ৫৬৭ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ৫০ কিলোমিটার মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ কাজ চলছে দুই বছর ধরে। এ কাজের জন্য আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত ১১ কিলোমিটার অংশের খাল ভরাট হয়ে গেছে। এতে আশুগঞ্জ সবুজ প্রকল্পের পানি ছাড়া সম্ভব হয়নি। প্রতিবছর জানুয়ারির শুরুতে ওই প্রকল্পের পানি ছাড়া হতো। এ পানি মহাসড়কের পাশের খাল দিয়ে সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়ায় জাফর খালে প্রবাহিত হতো। এরপর জাফর খালের সঙ্গে যুক্ত কয়েকটি খাল হয়ে সরাইলের সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হতো।

সরেজমিনে দেখা যায়, পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর, বিটঘর, বেড়তলা, নাইলা, সদর উপজেলার কুট্টাপাড়া, সৈয়দটুলা, নিজসরাইল, উচারিয়াপাড়া, চুন্টা ইউনিয়নের রসুলপুর, চুন্টা, বড়বল্লা, নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ, বারিউড়া, শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর ও দীঘিরপাড় এলাকার কোনো জমিতে পানি পৌঁছায়নি। ফলে এখনো বোরো রোপণ করা হয়নি। জমিগুলো পড়ে আছে, বীজতলার চারা নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে।

উপজেলার ইসলামাবাদ গ্রামের বাসিন্দা আফতাব মিয়া প্রথম আলোকে বলেন, ‘সেচ প্রকল্পের অধীন আমার তিনটি সেচ পাম্প রয়েছে। খালে এখনো পানি আসেনি। এলাকার শতাধিক একর জমি নিয়ে বিপাকে পড়েছি। প্রতিদিন নানা জায়গায় যাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। বীজতলা নষ্ট হচ্ছে। এখন আমাদের না খেয়ে মরতে হবে।’

সরাইল উপজেলা কৃষক সমিতির সভাপতি দেবদাস সিংহ রায় প্রথম আলোকে বলেন, ‘সাড়ে ১৬ হাজার হেক্টর জমির পানি প্রবাহের জন্য বিকল্প ব্যবস্থা না করেই খাল ভরাট করে সম্প্রসারণ কাজ শুরু হয়েছে। এতে কৃষকেরা আজ পানি থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা গ্রামে গ্রামে ঘুরে দেখেছি কৃষকেরা পানি নাই, পানি নাই, কী হবে—এমনটি করছেন।’

উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হক প্রথম আলোকে বলেন, আগামী ১০ দিনের মধ্যে চারা রোপণ করতে না পারলে বীজতলা নষ্ট হয়ে যাবে। এত অল্প সময়ের মধ্যে কৃষকদের পক্ষে নলকূপ বসানো সম্ভব নয়। তাই সবুজ প্রকল্পের পানিই ভরসা। সরাইলের ইউএনও আরিফুল হক প্রথম আলোকে বলেন, বিএডিসি বলছে পানি ছাড়বে, কিন্তু কবে ছাড়বে, তা বলতে পারছে না। বিএডিসি পানি ছাড়তে পারবে না এ কথা আগে বললে কৃষকেরা হয়তো অন্য ব্যবস্থা করতে পারতেন।

বিএডিসির ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী রুবায়েত ফয়সাল আল মাসুম প্রথম আলোকে বলেন, সওজ কর্তৃপক্ষ জানুয়ারির ১৫ তারিখে পানি ছাড়ার কথা দিয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। আগামী ১০ দিনের মধ্যে স্বল্প পরিসরে পানি ছাড়া সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন। এ বছর পুরো এলাকায় আগের মতো বোরো চাষ সম্ভব না–ও হতে পারে।