বোরো আবাদে বাড়তি খরচ, চিন্তিত কৃষকেরা

■ গত বছরের তুলনায় এবার প্রায় ২৫ ভাগ বেশি টাকা বাড়তি গুনতে হচ্ছে কৃষকদের।

■ জেলায় এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার হেক্টর।

■ বীজতলা থেকে চারা তুলে রোপণ করা হয়েছে। ধান রোপণ শেষে পরিচর্যা শুরু হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় চলতি বোরো মৌসুমে বাড়তি খরচের মুখে পড়েছেন কৃষকেরা। গত বছরের তুলনায় প্রায় ২৫ ভাগ বেশি টাকা বাড়তি গুনতে হচ্ছে তাঁদের। কৃষকেরা বলছেন, ডিজেল, সার, বীজ, কীটনাশকসহ শ্রমিকের মজুরি খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, জেলায় এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার হেক্টর। ইতিমধ্যে কৃষকেরা জমি তৈরি করে বীজতলা থেকে চারা তুলে রোপণ করেছেন। কেউ কেউ ধান রোপণ শেষে পরিচর্যা শুরু করেছেন। তবে এবার বোরো আবাদের শুরুতেই কৃষকেরা বাড়তি খরচের মুখে পড়েছেন। বিশেষ করে ডিজেল তেলের দাম বাড়ায় সেচ দিতে খরচ বেড়েছে। পাশাপাশি বীজ, সার ও শ্রমিকের পেছনে বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে কৃষকদের। গত বছরের তুলনায় সব মিলিয়ে এবার প্রতি বিঘায় একজন কৃষকের ব্যয় বেড়ে যাচ্ছে অন্তত ২৫ ভাগ টাকা।

সদর উপজেলার আইলচারা গ্রামের কৃষক সামসুল হক এবার এক বিঘা জমিতে বোরো আবাদ করেছেন। এখন চলছে পরিচর্যার কাজ। তিনি বলেন, বোরো চারা কেনা, জমি প্রস্তুত, চারা রোপণ—সব ক্ষেত্রেই গত বছরের তুলনায় বেশি টাকা খরচ হয়েছে। গত বছর প্রতি ৩৬ বর্গফুট জায়গার জন্য চারা কিনেছিলেন মাত্র ৫০ টাকায়। এবার একই পরিমাণ চারা কিনতে হয়েছে ২০০ টাকায়।

গত বছর ডিজেল তেল ছিল ৬৫ টাকা লিটার। এবার তা বেড়ে হয়েছে ৮০ টাকা। এক বিঘা জমি তৈরি করতে প্রায় ৮ লিটার তেল খরচ হয়েছে। গ্রামের খুচরা দোকানে ৮০ টাকার ডিজেল বিক্রি হচ্ছে ৮৪ থেকে ৮৫ টাকায়। এ ছাড়া জমি তৈরিসহ শ্রমিক খরচ বেড়েছে। সব মিলিয়ে চারা রোপণ করতে খরচ হয়েছে প্রায় দুই হাজার টাকা, যা গত বছর ছিল ১ হাজার ২০০ টাকা। আরও অন্যান্য খরচ এখনো বাকি রয়েছে।

পাটিকাবাড়ি গ্রামের কৃষক চাঁদু মণ্ডল অভিযোগ করে বলেন, সরকার নির্ধারিত দামে তেল, সার ও বীজ পাওয়া যায় না। গ্রামের কৃষকদের বাজার দামের তুলনায় বেশি দামে এসব কিনতে হয়। এতে উৎপাদন খরচ বেশি হয়। ইউরিয়া ও নন-ইউরিয়া কোনো সারই গ্রামের বাজারে নির্ধারিত দরে বিক্রি হয় না। কেজিতে ২ থেকে ৩ টাকা বেশি গুনতে হয়।

গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের নরহরদিয়া গ্রামের কৃষক গনি মালিথা বলেন, বোরো আবাদে এবার দিনপ্রতি শ্রমিক খরচ ১০০ টাকা বেশি বেড়েছে।

কৃষি কর্মকর্তারা বলছেন, গতবারের তুলনায় এবার ধান বেশি পেলেও উৎপাদন খরচ বেড়ে গেলে সেই লাভ আর কৃষকের থাকবে না। সেই হিসাবে আবাদ এবার একটু কমবে।

এ অবস্থায় সেচ খরচ বাঁচাতে জেলার তিন উপজেলার কৃষকেরা গঙ্গা কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের পানির ওপর নির্ভরতা বাড়িয়েছেন। বিশেষ করে পুরো মৌসুমে জিকের পানি পেলে তাঁদের সেচ খরচে সাশ্রয় হবে। জিকের পানি দিয়ে এক বিঘা জমি আবাদ করতে কৃষকদের ব্যয় হয় মাত্র ২০০ টাকা।

সদর উপজেলার আলামপুর এলাকার কৃষক আমজাদ হোসেন বলেন, জিকের পানিতে আবাদ করে অনেক লাভ হয়। তবে শুষ্ক মৌসুমে অনেক সময় পদ্মায় পানি কমে গেলে খালে পানি থাকে না। তখন শ্যালোর পানির প্রয়োজন হয়।

কৃষি সম্প্রসারণ কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক (শস্য) বিষ্ণুপদ সাহা প্রথম আলোকে বলেন, গতবারের তুলনায় বোরো আবাদে এবার কৃষকদের কিছুটা বাড়তি টাকা গুনতে হচ্ছে। তারপরও ধানের ফলন ভালো হলে এবং দাম পেলে তাঁরা লাভবান হবেন।