বোরোখেতে নেক ব্লাস্ট রোগের বিস্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের দুটি উপজেলায় বোরো ধানখেতে নেক ব্লাস্ট (ধানের গলা–পচা) রোগ দেখা দিয়েছে। কৃষি বিভাগ নানা পরামর্শ দিয়ে রোগপ্রতিরোধে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করলেও কৃষকদের দুশ্চিন্তা কাটছে না।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে,চলতি বোরো মৌসুমে কুড়িগ্রামের ৯টি উপজেলায় ১ লাখ ১০ হাজার ৫০২ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে।

এ মৌসুমে ধানের ফলন ভালো হলেও হঠাৎ প্রতিকূল আবহাওয়ার কারণে নাগেশ্বরী ও উলিপুর উপজেলায় এ রোগ ছড়িয়ে পড়ছে। কৃষি বিভাগ থেকে রোগপ্রতিরোধে কৃষকদের মধ্যে লিফলেট বিতরণসহ নিয়মিত ও সঠিক মাত্রায় ছত্রাকনাশক ছিটানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

গত বৃহস্পতিবার নাগেশ্বরী ও উলিপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক জমির বোরো ধান সাদা হয়ে গেছে।

এ অবস্থায় কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন। উলিপুরের দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর এলাকার রিকশাচালক আবদুল হামিদের স্ত্রী জুলেখা বেগম বলেন, ‘আমি ৪৮ শতক জমি বর্গা নিয়ে বোরো চাষ করেছি। হঠাৎ দেখি ধানের শিষ সাদা হয়ে যাচ্ছে। পরে কৃষি বিভাগের লোক এসে ওষুধ লিখে দিলে সে মোতাবেক স্প্রে করি। কিন্তু পরের দিন এসে দেখি, সব শিষ সাদা হয়ে গেছে।’

একই গ্রামের আবুল হোসেন, আবুল কাশেম, আবদুল মজিদ, কাইয়ুম আলী অভিযোগ করেন, কৃষি বিভাগের দেওয়া পরামর্শ মোতাবেক জমিতে ছত্রাকনাশক ছিটিয়েও কাজ হচ্ছে না। এক একর জমির ধান চিটা হয়ে গেছে। এ অবস্থায় কৃষক সর্বস্বান্ত হয়ে পড়ছেন বলে জানান তাঁরা।

নাগেশ্বরীর ভিতরবন্দ ইউনিয়নের কৃষক শফিউল আলম বলেন, ‘নেক ব্লাস্ট আক্রমণের আশঙ্কায় কৃষি বিভাগের পরামর্শে রোগপ্রতিরোধে ওষুধ ছিটাই। কিন্তু এক দিন পর জমিতে গিয়ে দেখি, দুই একর জমির সব ধান সাদা হয়ে গেছে। এখন সামনে শুধু অন্ধকার দেখছি।’

হাসনাবাদ এলাকার কৃষক আবেদ আলী বলেন, ‘আমার চার বিঘা বোরো ধানের জমিতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। কৃষি বিভাগের পরামর্শে ওষুধ ছিটিয়েছি।’

নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, নেক ব্লাস্ট ধানের একটি ছত্রাকজনিত রোগ। চারা অবস্থা থেকে ধান পাকার আগে পর্যন্ত যেকোনো সময় এ রোগ দেখা দিতে পারে। এ রোগে আক্রান্ত ধান ৮০ ভাগ পর্যন্ত ক্ষতি হয়। এ রোগের জীবাণু বাতাস ও পোকামাকড়ের মাধ্যমে ছড়ায়। ব্লাস্ট রোগের লক্ষণ হচ্ছে ধানের পাতা, গোড়া বা শাখা–প্রশাখা এবং দানায় আক্রমণ করে। আক্রান্ত পাতার রং ধূসর হয়ে যায় এবং দাগ দেখা দেয়; ধীরে ধীরে সাদা ও বাদামি রং ধারণ করে। ধান পুষ্ট হওয়ার আগে রোগের আক্রমণের ফলে শিষের সব ধান চিটা হয় এবং অনেক গাছ মারা যায়। ধানের শিষ বের হওয়ার সময় এবং শিষ বের হওয়ার পরে জমিতে ছত্রাকনাশক, ট্রপার, নাটিভো, ফিলিয়া, এমিস্টার টপ–জাতীয় কীটনাশক ছিটালে ধানখেত রক্ষা পাবে।

উলিপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা নকুল কুমার বলেন, আবহাওয়া প্রতিকূল হওয়ায় নেক ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। যেসব জমি এখনো সংক্রমিত হয়নি বা কেবল সংক্রমণদেখা দিয়েছে, সেসব জমিতে প্রতিরোধক হিসেবে কাসোবিন, নাটিভো ছত্রাকনাশক ছিটানোরপরামর্শ দেওয়া হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক মকবুল হোসেন বলেন, ‘কৃষি বিভাগের দেওয়া পরামর্শের বাইরে কিছু ব্যবসায়ী ব্লাস্ট রোগের ওষুধ ছাড়া সাধারণ ধান পচা রোগের ওষুধবিক্রি করছেন। যেসব কৃষক কীটনাশক ব্যবসায়ীদের কাছে প্রতারিত হয়ে কৃষি বিভাগের পরামর্শের বাইরে ওষুধ কিনে ছিটাচ্ছেন, তাঁদের জমিতে নেক ব্লাস্ট দমন সম্ভব হচ্ছে না। এ রোগ বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি আর যেন কোনো কৃষকের ক্ষতি না হয়।’