বোরোতে লোকসানের শঙ্কা

যশোর জেলায় এ পর্যন্ত ১ লাখ ৪৯ হাজার ৯৯০ হেক্টরে বোরো আবাদ হয়েছে। ডিজেল ও সারের দাম বাড়ায় উৎপাদন খরচ ২০ ভাগ বেড়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতবার এক বিঘা জমিতে ধান উৎপাদন করতে খরচ পড়েছে ১৫ হাজার টাকা। এবার ডিজেল, সারসহ অন্যান্য কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায়, একই জমিতে ধান উৎপাদন করতে খরচ হচ্ছে ১৮ হাজার টাকা। এ হিসাবে এক বিঘা জমিতে ধান উৎপাদনের খরচ ২০ ভাগ বেড়ে গেছে। এতে ধান আবাদ করে লোকসান হবে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।

যশোরের ঝিকরগাছা উপজেলার দোসতীনা গ্রামের কৃষক আইয়ুব হোসেন এবার চার বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছেন। গত বছর তিনি টিএসপি সার ২২ টাকা, এমওপি ১৬, ডিএপি ১৬ ও ইউরিয়া ১৬ টাকা কেজিদরে কিনে খেতে দিয়েছিলেন। গতবার ৬৫ থেকে ৬৬ টাকায় ডিজেল কিনেছিলেন; কিন্তু দাম বেড়ে যাওয়ায় এবার তিনি টিএসপি ২৮ টাকা, এমওপি ১৮, ডিএপি ১৮ ও ইউরিয়া ১৮ টাকা কেজিদরে কিনেছেন। আর ডিজেল কিনছেন প্রতি লিটার ৮২ টাকায়। ডিজেল, সার ও অন্যান্য কৃষি উপকরণের মূল্যবৃদ্ধিতে বোরোর উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তিনি হতাশ হয়ে পড়েছেন।

এ বিষয়ে আইয়ুব হোসেন বলেন,‘সরকার সারের যে দাম বলছে, বাজারে দাম তার চেয়ে অনেক বেশি। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সেচ খরচ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। কৃষিশ্রমিকের দাম বেড়েছে। কীটনাশকের দাম অনেক বেশি। তবে সেই হিসাবে ধানের দাম বাড়েনি। ধান বেচে খরচই ওঠে না। সংসার চালাব কী করে? চাষাবাদ ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই।’

ডিজেল, সার ও অন্যান্য কৃষি উপকরণের চড়া দামের কারণে ফসলের উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় আইয়ুব হোসেনের মতো জেলার লাখো কৃষক বিপাকে পড়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর কার্যালয় সূত্র জানায়, জেলায় এবার ১ লাখ ৫৭ হাজার ৮৮৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত ১ লাখ ৪৯ হাজার ৯৯০ হেক্টর জমিতে বোরা আবাদ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর কার্যালয় সূত্র আরও জানায়, ৫০ কেজি ওজনের প্রতি বস্তা ট্রিপল সুপার ফসফেটেন (টিএসপি) সারের সরকার নির্ধারিত খুচরা দাম ১ হাজার ১০০ টাকা (২২ টাকা প্রতি কেজি), মিউরেট অব পটাশ (এমওপি) ৭৫০ টাকা (১৫ টাকা প্রতি কেজি) এবং ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) ৮০০ টাকা (১৬ টাকা প্রতি কেজি)। এ ছাড়া ৫০ কেজির প্রতি বস্তা ইউরিয়া সারের সরকার নির্ধারিত খুচরা দাম ৮০০ টাকা (১৬ টাকা কেজি)।

গত এক সপ্তাহ নওয়াপাড়া সারের বাজার ঘুরে সব ধরনের সার বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। তিউনেসিয়ায় উৎপাদিত ৫০ কেজির প্রতি বস্তা টিএসপি (কালো) ১ হাজার ৫০০ টাকা, টিএসপি (সাদা) ১ হাজার ৪০০ টাকা, মিসরে উৎপাদিত টিএসপি ১ হাজার ৪০ টাকা ও বুলগেরিয়ায় উৎপাদিত টিএসপি ১ হাজার ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া এমওপি ৯৩০ থেকে ৯৫০ টাকা এবং ডিএপি ৮১০ থেকে ৮২০ টাকা বস্তাদরে বিক্রি হচ্ছে। আমদানিকারকদের কাছ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা ওই সার কিনে মজুত করছেন। পরে তা অন্য জেলার ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করছেন। এ কারণে কৃষকদের বেশি দাম দিয়ে সার কিনতে হচ্ছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) দীপঙ্কর দাশ বলেন, ‘সারের পর্যাপ্ত মজুত আছে। কোথাও কোনো সংকট নেই। বেশি দামে যাতে সার বিক্রি না হয়, সে জন্য আমাদের নিয়মিত তদারকি আছে। এ পর্যন্ত কোনো কৃষক বেশি দামে সার কেনার অভিযোগ করেননি। বেশি দামে সার বিক্রির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

শার্শা উপজেলার রাঘবপুর গ্রামের কৃষক খোরশেদ আলম বলেন, ‘আমি এবার চার বিঘা জমিতে বোরো চাষ করেছি। এবার বেশি দামে সার কিনতে হচ্ছে। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি খরচ বেড়েছে সেচ ও চাষে। গত বছর যেখানে সেচে বিঘাপ্রতি গড়ে তিন হাজার টাকা খরচ হয়েছিল, সেখানে সাড়ে চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা খরচ হচ্ছে। কীটনাশকের দামও বেড়েছে প্রায় দেড় গুণ। ফসল করে কিছু থাকছে না। অনেক সময় ঋণ করতে হচ্ছে।’