বোরোর ক্ষতি পোষাতে সবজিতে জোর
ললিত চন্দ্র দাস কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর গ্রামের কৃষক। এবার ২ একর জমিতে আউশ ধান আবাদ করেছিলেন। কিন্তু তাঁর পাকা ধান উজানের পানিতে নষ্ট হয়ে গেছে। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মধ্যে পড়তে হয়েছে তাঁকে। তবে ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প উপায় বেছে নিয়েছেন ললিত। নতুন করে ১ একর জমিতে সবজির আবাদ করেছেন। আশা করছেন সবজি দিয়ে ধানের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।
ললিত বলেন, ‘আউশে উশ (হুঁশ) হারায়ছি। সবজিতে বুঝ ফিরা পাইছি।’ এবার আউশের ক্ষতির পর তিনি ২৫ শতাংশ জমিতে লাউ আবাদ করেছেন। খরচ বাদ দিয়ে লাউ থেকে অন্তত ৩০ হাজার টাকা লাভ থাকতে পারে। টমেটো ও মুলার আবাদ করা হয়েছে। তা থেকেও লাভ আসবে।
শুধু ললিত নয় বোরোর ক্ষতি পোষাতে কৃষি দপ্তরের পরামর্শে এলাকার অনেক কৃষক সবজি চাষ শুরু করেছেন। অল্প সময়ে ফসল ঘরে তোলা যাবে, ফলে ঝুঁকি কম। কৃষি দপ্তর সূত্র জানায়, ভৈরবে এবার বন্যা ও অতিবৃষ্টিতে ১২ কোটি ৪৫ লাখ ৮৯ হাজার টাকার ফসলহানি হয়। এর মধ্যে আউশ ধানে ক্ষতি ৭ কোটি ৭২ লাখ ৪৫ হাজার টাকা। আউশ ধানের আবাদ করা হয়েছিল ১ হাজার ৫ হেক্টর জমিতে। পানিতে তলিয়ে যায় ৮৩৮ হেক্টর জমির ধান। ৪৬০ হেক্টর জমিতে সবজির আবাদ করে ক্ষতি হয় ৪৪১ হেক্টর। আর সবজির ক্ষতি ৪ কোটি ৭৩ লাখ ৪২ হাজার টাকা।
কৃষি দপ্তর সূত্র জানায়, কৃষি বিভাগ ধানের ক্ষতি পোষাতে সবজি আবাদে জোর দিয়েছে। সরকারও এই খাতটিতে সাফল্য দেখতে মুখিয়ে আছে। সেই কারণে এক সপ্তাহ আগে ৮০০ কৃষকের মধ্যে বিনা মূল্যে ১৩ ধরনের সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে লালশাক, ডাঁটাশাক, কলমিশাক, মুলাশাক, পুঁইশাক, পালংশাক, শসা, লাউ, মিষ্টিকুমড়া, করলা, মরিচ, বরবটি, শিম। এ ছাড়া ১০০ কৃষককে মাষকলাই বীজ বিতরণ করা হয়।
গত বুধবার সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমারা গ্রামে গিয়ে দেখা যায়, কৃষকেরা সবজি চাষের জন্য জমি প্রস্তুত করছেন। বদিউল আলম বলেন, উজানের পানিতে ধান ও সবজি মিলে তাঁর ৭০ শতাংশ জমির ফসল নষ্ট হয়। বিনা মূল্যে বীজ ও সার পাওয়ার পর এখন তিনি পালংশাক, মুলা ও আর মরিচ চাষের জন্য জমি প্রস্তুত করে রেখেছেন। কয়েক দিনের মধ্যে রোপণ করার ইচ্ছে আছে তাঁর। রোপণের ৩৫ দিনের মধ্যে মুলা বিক্রির উপযোগী হবে। পালং ও লালশাক একই সময়ে বাজারে তুলতে পারবেন। তাতে ভালো টাকা আয় হবে বলে আশা করছেন।
ওই ব্লকের সহকারী কৃষি কর্মকর্তা চন্দন কুমার সূত্রধর বলেন, তাঁর ব্লকে লাউ, ডাঁটা ও মুলার ফলন ভালো হয়। আউশের ক্ষতির পর সময়টা সবজি চাষের এবং এতে অধিক লাভও প্রায় নিশ্চিত।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলম শরীফ খান বলেন, আউশের ক্ষতি পোষাতে কী করা যায়, সেই ভাবনা থেকে সবজির আবাদে মনোযোগী করার ভাবনা আসে। একই সঙ্গে বীজ ও সার বিতরণে সরকারি সহায়তা তাঁদের ভাবনাকে এগিয়ে দেয় অনেকটা। আশা করছেন কৃষকেরা লাভবান হবেন।