বোর্ডের উত্তরপত্রে কলেজের প্রাক্-নির্বাচনী পরীক্ষা!
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পাবলিক পরীক্ষার অব্যবহৃত উত্তরপত্রের প্রথম পাতা ছিঁড়ে একটি বেসরকারি কলেজের প্রাক্-নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়েছে।
১৯ আগস্ট বোর্ডের তদন্ত কর্মকর্তারা সরেজমিনে বাঁশখালী আলাওল কলেজে গিয়ে বোর্ড থেকে পাঠানো এসব উত্তরপত্র শিক্ষার্থীদের কাছে পান। এ ছাড়াও কলেজের আলমারিতে রাখা চার হাজার ২০০ অব্যবহৃত মূল উত্তরপত্র এবং প্রথম পাতা ছেঁড়া কয়েক হাজার উত্তরপত্রের সন্ধান পেয়েছেন তদন্তকালে।
তদন্ত কমিটির আহ্বায়ক উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) ইলিয়াছ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা আলাওল কলেজে গিয়ে দেখেছি উচ্চমাধ্যমিক শ্রেণির প্রাক্-প্রাথমিক পরীক্ষা চলছে। কলেজের শিক্ষার্থীরা উত্তরপত্র হিসেবে বোর্ডের অব্যবহৃত উত্তরপত্র ব্যবহার করছেন। এ ব্যাপারে শিগগিরই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।’
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘আমরা এ বিষয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরে সেই আলোকে বোর্ডের শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
১৮ আগস্ট আলাওল কলেজের বিষয়টি নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) ইলিয়াছ উদ্দিন আহমেদকে। সদস্যের দায়িত্বে রয়েছেন সহকারী সচিব রেজা মো. এনামুল হক চৌধুরী। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অভিযোগ রয়েছে, আলাওল কলেজের অধ্যক্ষ চাহিদার বাইরেও বিভিন্ন সময়ে বোর্ডের উত্তরপত্র ছেঁড়া ও ব্যবহার অনুপযোগী অজুহাত দেখিয়ে বাড়তি উত্তরপত্র চেয়ে নিয়ে যান।
অভিযোগ প্রসঙ্গে বাঁশখালী আলাওল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস প্রথম আলোকে বলেন, ‘বোর্ডের পরীক্ষায় অব্যবহৃত উত্তরপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এগুলো ব্যবহার অনুপযোগী ছিল বলে আমরা ফিরিয়ে না দিয়ে প্রথম পাতা ছিঁড়ে কোনো রকমে কাজে লাগিয়েছি।’
চার হাজার ২০০ অব্যবহৃত উত্তরপত্র প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, ‘এগুলো আমি এখানে নিয়োগের আগে ২০০৮ সালে তৎকালীন অধ্যক্ষের আমল থেকে কলেজের আলমারিতে ছিল। এগুলো বোর্ডে জমা না দিয়ে আমি ভুল করেছি। আসলে দীর্ঘদিনে এসব খাতাও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল বলে ফিরিয়ে দেওয়ার কথা আর মাথায় আসেনি।’
বাড়তি উত্তরপত্র নেওয়ার বিষয়ে অধ্যক্ষ বলেন, ‘আমি শুধু চলতি বছরের এইচএসসি পরীক্ষার কিছু উত্তরপত্র ব্যবহার অনুপযোগী ছিল বলে বোর্ড কর্তৃপক্ষকে জানিয়ে নতুন উত্তরপত্র নিয়েছি। এ ছাড়া আর কখনো বাড়তি উত্তরপত্র নেওয়া হয়নি।’