বোয়ালখালীতে প্রতিমা ভাঙচুরের অভিযোগ
চট্টগ্রামের বোয়ালখালীতে অন্তত ৩৫টি সরস্বতী প্রতিমা ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শাকপুরা ইউনিয়নের লালারহাট আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন সড়কের পাশে মৃৎশিল্পী বাসুদেব পালের প্রতিমা তৈরির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। রাতের আঁধারে কারা প্রতিমা ভেঙে গেল, তা বুঝতে পারছেন না মৃৎশিল্পী বাসুদেব পাল।
বাসুদেব পাল সাংবাদিকদের বলেন, আগামী ৫ ফেব্রুয়ারি সরস্বতী পূজা। এ জন্য প্রতিমাগুলো তৈরি করা হচ্ছিল। প্রতিমাগুলো বাঁশ দিয়ে ঘেরা উন্মুক্ত স্থানে সাদা পর্দায় ঢেকে রাখা হয়। কাজ শেষ করে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাশের অফিসকক্ষে ঘুমাতে যান তিনি। ভোরে ঘুম থেকে উঠে দেখেন ৩৫টি প্রতিমার কোনোটির মাথা নেই, কোনোটির হাত ভাঙা। রাতের আঁধারে দুর্বৃত্তরা এসে প্রতিমাগুলো ভেঙে ফেলেছে।
বাসুদেব পাল জানান, পারিবারিকভাবে প্রায় ৭৫ বছর ধরে এখানে প্রতিমা তৈরি করে আসছেন তাঁরা। তিনি এখানে আছেন ৪৫ বছর ধরে। কখনো কারও সঙ্গে কোনো ধরনের ঝামেলা বা ঝগড়া হয়নি।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ভাঙচুরের বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হয়নি। ইচ্ছাকৃতভাবে করা হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতো। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে। আর মৃৎশিল্পীকে অভিযোগ জমা দিতে বলা হয়েছে।