বোয়ালমারীতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম শহীদ ফকির (৪৭)। আজ শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সকালে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের কাটা খাল এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত শহীদ ফকির পরমেশ্বরদী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে। তিনি একজন কৃষক। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা।
শুক্রবার সকালে পরমেশ্বরদী ইউনিয়নের কাটা খাল এলাকায় সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের রামদার কোপে মারাত্মকভাবে আহত হন শহীদ।
নিহত ব্যক্তির স্বজন মান্নান ফকির বলেন, আজ সকালে পরমেশ্বরদী ইউনিয়নের কাটা খাল এলাকায় সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের রামদার কোপে মারাত্মকভাবে আহত হন শহীদ। তাঁকে দ্রুত ফরিদপুর ট্রমা সেন্টারে এনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মারা যান তিনি।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক অনাদি রঞ্জন মণ্ডল বলেন, ধারালো অস্ত্রের আঘাতে শহীদ ফকিরের পায়ের হাড় ভেঙে গিয়েছিল। এ ছাড়া তাঁর পেটেও ধারালো অস্ত্রের আঘাত ছিল। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছিল। কিন্তু ঢাকায় নেওয়ার প্রস্তুতির আগেই তিনি ফরিদপুর ট্রমা সেন্টারে মারা যান।