বোয়ালমারীতে আলুবোঝাই নছিমন উল্টে চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে আলুবোঝাই নছিমন উল্টে চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নসিমনচালকের নাম মুরাদ বিশ্বাস (২৩)। তিনি ওই ইউনিয়নের পূর্বভাটদী গ্রামের আকুব্বর বিশ্বাসের ছেলে। তিনি বিবাহিত এবং এক ছেলের বাবা।

দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, মুরাদ বিশ্বাস পেশায় নছিমনচালক। তিনি আজ ফরিদপুর সদর উপজেলার কানাইপুর থেকে আলুবোঝাই নছিমন নিয়ে চিতারবাজারে আসছিলেন। হাসামদিয়া সেতুর কাছে পৌঁছালে নছিমনের এক্সেল ভেঙে রাস্তার পাশে উল্টে পড়ে। চালক মুরাদ নছিমনটির নিচে চাপা পড়ায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নছিমনচালকের লাশ উদ্ধার করা হয়েছে।