বোয়ালমারীতে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে পানিতে ডুবে আড়াই বছরের এক শিশু মারা গেছে। শিশুটির নাম সুমাইয়া। সে উপজেলার রূপাপাত ইউনিয়নের সুর্যোগ গ্রামের অটোভ্যানচালক মো. সাইফুল ইসলামের মেয়ে। আজ বুধবার দুপুরে বাড়ির পুকুরে ডুবে সে মারা যায়।

রূপাপাত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজিজার মোল্লা ও স্থানীয় বনমালীপুর জনতা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল কালাম আজাদ ঘটনাটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

সাইফুলের তিন মেয়ের মধ্যে সবার ছোট সুমাইয়া।

সুর্যোগ গ্রামের বাসিন্দা শিক্ষক আবুল কালাম আজাদ জানান, আজ বেলা একটার দিকে সাইফুলের তিন মেয়ে বাড়ির পুকুরে গোসল করতে যায়। তিন বোনের মধ্যে সবার ছোট সুমাইয়া। তাকে গোসল করিয়ে পুকুরের পাড়ে রেখে বাকি দুই বোন গোসল করছিল।

কিছুক্ষণ পর সুমাইয়াকে না দেখে অন্য দুই বোন তাকে খোঁজাখুঁজি শুরু করে। ঘটনা শুনে পরিবারের সদস্যরাও এসে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ওই পুকুরে ডুবে যাওয়া সুমাইয়ার লাশ উদ্ধার হয়।