বোয়ালমারীর শিকলবন্দী রবিউলের চিকিৎসার ব্যবস্থা করল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোবাস ভাড়া করে রবিউলকে পাবনা পাঠানোর ব্যবস্থা করেন ওসি। হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন ইউএনও
প্রথম আলো

১৫ বছর ধরে শিকল পরার অবসান হলো। চিকিৎসার জন্য ফরিদপুরের বোয়ালমারীর রবিউলকে পাঠানো হলো পাবনা মানসিক হাসপাতালে। আজ মঙ্গলবার বিকেলে ওই হাসপাতালে ভর্তি করা হয় রবিউলকে। শিকলে বন্দী থেকে রবিউলকে আর মাটি খুঁড়তে হবে না। প্রশাসনের উদ্যোগে আজ সকাল ছয়টার দিকে একটি মাইক্রোবাসে করে রবিউলকে পাবনার হেমায়েতপুরে পাঠানো হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাবা নুরুল মোল্লা ও ফুফু সাজেদা বেগম।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দের উদ্যোগে উপজেলা সমাজসেবার অর্থায়নে মানসিক ভারসাম্যহীন রবিউলকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ ও একটি মাইক্রোবাস ভাড়া করে রবিউলকে পাবনা পাঠানোর ব্যবস্থা করেন।

আরও পড়ুন

এর আগে গত শনিবার ইউএনও বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের পশ্চিম চরবর্ণি গ্রামে রবিউলদের বাড়িতে গিয়ে নগদ পাঁচ হাজার টাকাসহ সরকারি খাদ্যসহায়তা দেন। তা ছাড়া গতকাল সোমবার বিকেলে উপজেলা সমাজসেবা দপ্তরের মাধ্যমে রবিউলের বাবার হাতে আরও পাঁচ হাজার টাকা, চারটি টি-শার্ট ও চারটি ট্রাউজার তুলে দেন ইউএনও।

বোয়ালমারী ইউএনও ঝোটন চন্দ বলেন, বিনা মূল্যে রবিউলের সুচিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে ভর্তির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেই তাঁকে পাঠানো হয়েছে। পাবনা মানসিক হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে তাঁর সব ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন তিনি। আশা করছেন, রবিউল ভালো হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

১৫ বছর ধরে বাড়ির একটি ঘরে তাঁর কোমরে শিকল পরিয়ে আটকে রাখা হয়েছিল রবিউলকে। শিকলবন্দী হয়ে তাঁর কাজ ছিল দুই হাত দিয়ে মাটি খোঁড়া।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, রবিউলের খবরটি জানার পরপরই পুলিশ সুপার মো. আলিমুজ্জামানের নির্দেশে তাঁর বাড়িতে ছুটে যান। পরে তাঁরা রবিউলকে আর্থিক সহায়তা করেন। প্রয়োজনে আরও সহায়তা করা হবে বলে জানান ওসি।

রবিউলের ভালো নাম মো. ওসমান মোল্লা। আজ বিকেল সাড়ে চারটায় এই নামেই তাঁকে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন পাবনা মানসিক হাসপাতালের পরিচালক আবুল বাশার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বোয়ালমারী ইউএনওর একটি দাপ্তরিক চিঠি পেয়ে রোগীকে ভর্তি করা হয়েছে। ওই রোগীর চিকিৎসা শুরু হয়েছে। কিছুদিন পর তাঁর চিকিৎসার অগ্রগতি জানাতে পারবেন।

শেকলবন্দী অবস্থায় রবিউল। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের পশ্চিম চরবর্ণি গ্রামে
ফাইল ছবি

মধুমতী নদীর কাছের পশ্চিম চরবর্ণি গ্রামের দরিদ্র ভ্যানচালক মো. নুরুল মোল্লা (৫৮) ও আসমানি বেগম (৫৪) দম্পতির তিন ছেলে। এর মধ্যে রবিউল সবার বড়। বয়স ৩৫ বছর। মেজ ছেলের নাম ইমরান মোল্লা (৩১) ও ছোট ছেলের নাম এনামুল মোল্লা (২৩)।

১৫ বছর ধরে বাড়ির একটি ঘরে তাঁর কোমরে শিকল পরিয়ে আটকে রাখা হয়েছিল রবিউলকে। শিকলবন্দী হয়ে তাঁর কাজ ছিল দুই হাত দিয়ে মাটি খোঁড়া। এই মাটি খোঁড়ায় তাঁর চারপাশের জায়গাটা একটি গোলাকার বাংকারের রূপ নিয়েছে। মাটির ওই বাংকারই রবিউলের ঠিকানা ছিল। এখানেই তিনি খাওয়াদাওয়া করতেন, প্রাকৃতিক কাজ সারতেন। তবে সব কাজ তিনি করতেন শিকলবন্দী অবস্থায়। তাঁকে দেখভাল করতেন তাঁর মা আসমানি বেগম (৫৪)। একমাত্র মাকেই সহ্য করতেন রবিউল। আর কেউ কাছে গেলে খেপে যেতেন তিনি।

আসমানী বেগম বলেন, শৈশবে দুরন্তপনায় রবিউলের জুড়ি মেলা ভার ছিল। খেলাধুলা করা, নদীতে সাঁতার কাটা, সাইকেল চালানোয় তাঁর সমকক্ষ কেউ ছিল না গ্রামে। কিন্তু ৯ বছর বয়সে এক জ্বরের পর আস্তে আস্তে হাত-পা শুকিয়ে যেতে থাকে। মুখের কথা হারিয়ে যায়। সাধ্যমতো অনেক কবিরাজ ও চিকিৎসককে দেখানো হলেও সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসেননি রবিউল। ১৬-১৭ বছর বয়স থেকেই চূড়ান্তভাবে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। একপর্যায়ে তাঁর আচরণ হয়ে পড়ে উন্মাদের মতো। মারধর করা, জিনিসপত্র ভাঙচুর করা যেন তাঁর নেশা হয়ে ওঠে। অবশেষে বাধ্য হয়ে তাঁকে শিকল দিয়ে আটকে রাখা হয়। এভাবে কেটে গেছে ১৫টি বছর।

এ খবরটি প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে রবিউলের সহায়তায় এগিয়ে আসে প্রশাসন ও পুলিশ। এরই ধারাবাহিকতায় রবিউলের চিকিৎসার জন্য তাঁকে পাবনা মানসিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হলো।