বৌদ্ধ ভিক্ষুর হত্যাকারীদের বিচার দাবি
খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার এবং চট্টগ্রাম নগরের বায়েজিদের মাঝের ঘোনা এলাকায় আরেক ভিক্ষুকে কুপিয়ে জখম করার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে এসব ঘটনার দ্রুত বিচারের দাবি জানানো হয়। অতীতে এই ধরনের ঘটনা ঘটলেও তার বিচার না হওয়ায় বারবার এর পুনরাবৃত্তি হচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে ‘চট্টগ্রামস্থ সচেতন ছাত্র-যুব-নারী ও নাগরিক সমাজ’।
গত রোববার গভীর রাতে খাগড়াছড়ি সদরের গুগড়াছড়ি এলাকার ধর্মসুখ বিহারের অধ্যক্ষ বিশুদ্ধা মহাথেরোকে (৫২) হত্যা করা হয়। ৩০ বছর ধরে ধর্ম প্রচারের পাশাপাশি দরিদ্রদের শিক্ষাসহায়তার জন্য তিনি অনেকের কাছে ‘দানবীর ভান্তে’ নামে পরিচিত ছিলেন। এর আগে ৩১ জানুয়ারি রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদের মাঝের ঘোনা এলাকায় জুম্ম চাদিগাঙ সর্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞান জ্যোতি ভিক্ষুকে কুপিয়ে আহত করা হয়।
সমাবেশে চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনবোধি মহাস্থবির বলেন, বাংলাদেশে সংখ্যালঘু ধর্মাবলম্বীদের ওপর বারবার হামলার বিচার না হওয়ার কারণে ঘটনাগুলো পুনরাবৃত্তি হচ্ছে। অবিলম্বে হত্যাকারী ও হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে। না হলে বাংলার বৌদ্ধ সমাজ রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক জ্ঞানরত্ন বলেন, শান্তিপূর্ণ ভিক্ষুরা সহজে রাজপথে নামে না। কিন্তু তাঁরা আজ নামতে বাধ্য হয়েছে। এ দেশ বৌদ্ধ সংস্কৃতি ও সভ্যতায় সমৃদ্ধ। কিন্তু ইতিহাসকে অস্বীকার করে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে। খাগড়াছড়িতে বিশুদ্ধ মহাস্থবিরকে হত্যা এবং চট্টগ্রামে অগ্রজ্যোতি ভিক্ষুকে হত্যার উদ্দেশ্যে হামলা একই বিষয়ের প্রতিনিধিত্ব করে।
চিকিৎসক সুশান্ত বড়ুয়া বলেন, সারা দেশে পরিস্থিতি এমন খারাপ হয়েছে, ধর্মীয় গুরু হত্যার প্রতিবাদে ধর্মীয় গুরু ও ধর্মাবলম্বীদের রাজপথে নেমে আন্দোলন করতে হয়। অথচ চাইলে প্রশাসন এসব স্পর্শকাতর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে পারে। কিন্তু দেশের রাজনৈতিক দলের কিছু কিছু কার্যক্রম কিংবা প্রশাসনের উদাসীনতা এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে উৎসাহী হয়। অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার করতে হবে।
সমাবেশে জাতীয় মুক্তি কাউন্সিলের চট্টগ্রাম অঞ্চলের(পূর্ব-৩) সভাপতি ভূলন লাল ভৌমিক বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে আজ সংখ্যালঘু জনগণ চরম উদ্বেগের মধ্যে দিনযাপন করছে। সংখ্যালঘু জনগণের ওপর যে নির্যাতন ও নিপীড়ন চলছে তা বন্ধ করতে হবে।
জুম্ম চাদিগাঙ সর্বজনীন বৌদ্ধ বিহারের সভাপতি চৈতন্য বিকাশ চাকমার সঞ্চালনায় ম্রাপাইং মারমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জুম্ম চাদিগাঙ সর্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও হামলায় আহত ভদন্ত জ্ঞান জ্যোতি ভিক্ষু, ধর্ম আলো বৌদ্ধ বিহার কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক অংক্যচিং মারমা, সর্বজনীন শ্রী শ্রী ত্রিপুরা বিতা রাধা কৃষ্ণ মন্দির কমিটি সাংগঠনিক সম্পাদক পরেশ ত্রিপুরা, মৈত্রী বনবিহারে উপদেষ্টা ধিমান চাকমা, হিল চাদিগাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সাধনা জ্যোতি মহাস্থবির, প্রকৌশলী মহিনী রঞ্জন চাকমা প্রমুখ।
সমাবেশের আগে নগরর নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।