ব্যবসায়ী জাকির হত্যায় ইউপি সদস্যসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদারকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় বাগেরহাটের মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও যুবলীগ নেতা সোহেল খানসহ আটজনকে আসামি করা হয়েছে। আজ শনিবার দুপুরে নিহত ব্যক্তির ছেলে ইমরান হাওলাদার বাদী হয়ে এ মামলা করেছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুপারি ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদার খুন হন। নিহত জাকির বাগেরহাটের মোরেলগঞ্জের চণ্ডীপুর গ্রামের আমজাদ হোসেন হাওলাদারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাকির ইন্দুরকানীর পত্তাশী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে মোরেলগঞ্জের চণ্ডীপুর গ্রামের রাসেল মোল্লা ও ইউপি সদস্য সোহেল খানের নেতৃত্বে জাকিরকে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়। পরে খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসেরা তাঁকে মৃত ষোষণা করেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ব্যবসায়ী জাকির হোসেন হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।