ব্যবসায়ীর গুদাম থেকে ভিজিএফের সোয়া সাত টন চাল জব্দ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ি এলাকার খাদ্য ব্যবসায়ী বুলবুল হোসেনের গুদাম থেকে ভিজিএফের প্রায় সোয়া সাত টন চাল জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জামালপুরের র্যাব-১৪-এর একটি দল এসব চাল জব্দ করে। সরকারি চাল মজুত রাখার অভিযোগে মো. বুলবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
খাদ্য ব্যবসায়ী বুলবুল হোসেনের বাড়ি উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ি এলাকার বেপারিপাড়া গ্রামে। তিনি কালোবাজার থেকে এসব ভিজিএফের চাল কিনে গুদামে মজুত করে রেখেছিলেন।
ভিজিএফের চাল জব্দের বিষয়ে বুধবার দুপুরে জামালপুর র্যাব-১৪-এর কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, ওই এলাকায় একটি গুদামে কালোবাজারে বিক্রি হওয়া ভিজিএফের বিপুল পরিমাণ চাল মজুত করা রয়েছে। ওই খবরের ভিত্তিতে পরে র্যাবের একটি দল খাদ্য ব্যবসায়ী বুলবুল হোসেনের গুদামে অভিযান চালায়। এ সময় সরকারি সিলযুক্ত ভিজিএফের বিপুল পরিমাণ চালের বস্তা পাওয়া যায়। সব মিলিয়ে সেখান থেকে ১১৭ বস্তা চাল জব্দ করা হয়। এসব বস্তায় ৭ হাজার ২১০ কেজি চাল ছিল। পরে র্যাব খাদ্য ব্যবসায়ীকেও গ্রেপ্তার করে। চালগুলো র্যাব মাদারগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
জামালপুর র্যাব-১৪-এর কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) এম এম সবুজ রানা প্রথম আলোকে বলেন, চালগুলো কোনো ইউনিয়নের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল। কালোবাজার থেকে ওই ব্যবসায়ী এসব চাল কেনেন। চালের বস্তায় সরকারি সিলও ছিল। সরকারি সিল লাগানো বস্তা পরিবর্তনের কাজও চলছিল। চালগুলো অন্য বস্তায় ভরা হচ্ছিল। এ সময় হাতেনাতে চালসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালোবাজার থেকে চালগুলো কেনার কথা স্বীকারও করেছেন। এ ঘটনায় মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই ব্যবসায়ীকে বুধবার মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।