ব্যবসায়ীর বাড়িতে ৮০০ লিটার সয়াবিন, ৫০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরে সয়াবিন তেল বিক্রি না করে বাড়িতে মজুদ রাখায় এক মুদি দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুরে নগরের হাদির মোড়ে
ছবি: সংগৃহীত

দোকানটি বেশ বড়। লোকজন সয়াবিন তেল কিনতে গেলে দোকানদার বলছিলেন তেল নেই। এত বড় দোকানে তেল থাকবে না—এটা ভোক্তাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। পরে ভোক্তারাই জানতে পারেন ওই মুদিদোকানির বাড়িতে বিপুল পরিমাণ তেল মজুত রয়েছে। খবর পেয়ে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। ওই মুদিদোকানির বাড়ি থেকে বের করা হয় ৮০০ লিটার সয়াবিন তেল।

শাহাবুদ্দিন স্টোর নামে দোকানটির অবস্থান রাজশাহী নগরের হাদির মোড় এলাকায়। এটি ওই এলাকার সবচেয়ে বড় মুদিদোকান। তেল লুকিয়ে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে দোকানটির মালিক জুয়েল মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাঁর কাছ থেকে নেওয়া হয়েছে মুচলেকা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, আজ রোববার সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছিলেন। এ সময় তাঁদের কাছে কয়েকজন ভোক্তা অভিযোগ দেন, হাদির মোড় এলাকায় শাহাবুদ্দিন স্টোর নামের মুদিদোকানটি সয়াবিন তেল বিক্রি করছে না। এত বড় দোকানে তেল থাকবে না, এটা বিশ্বাসযোগ্য নয়। কয়েকজন ক্রেতার মাধ্যমে তৎক্ষণাৎ জানা যায়, দোকানের পাশেই জুয়েলের বাড়ি। চারতলার বাড়িটিতে খোঁজাখুঁজি করে দ্বিতীয় তলার একেবারে ভেতরের দিকে বিপুল পরিমাণ সয়াবিন তেলের মজুত পাওয়া যায়।

হাসান-আল-মারুফ আরও বলেন, সব মিলিয়ে সেখান থেকে ৮০০ লিটার সয়াবিন পাওয়া যায়। দোকানদার জুয়েল তাঁর ভুল স্বীকার করেছেন। এ মর্মে তাঁর কাছ থেকে লিখিত মুচলেকাও নেওয়া হয়েছে। তিনি আগামী দুই দিনের মধ্যে ওই তেল ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করবেন। এ বিষয়ে তাঁদের নজরদারিও থাকবে।