ব্যবসায়ীরা ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগে ঝুঁকবেন
শিল্পে বিনিয়োগে এগিয়ে আসছেন ব্যবসায়ীরা। এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি বাবুল চন্দ্র দাস। সাক্ষাৎকার নিয়েছেন অজয় কুন্ডু।
প্রশ্ন :
প্রথম আলো: পদ্মা সেতু চালুর পর মাদারীপুরে বিনিয়োগের কেমন সম্ভাবনা দেখছেন?
বাবুল চন্দ্র দাস: পদ্মা সেতু চালু পর জেলায় আগের তুলনায় ব্যবসা-বাণিজ্যের অনেক বেশি প্রসার ঘটবে। বিশেষ করে ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান গড়ার দিকে ঝুঁকবেন ব্যবসায়ীরা। বাড়বে নতুন নতুন উদ্যোক্তা। পুরোনো ব্যবসায়ীরা নতুন করে নানা খাতে বিনিয়োগ করবেন। সেতু চালুর পর এই অঞ্চলের কৃষি খাতে ব্যাপক পরিবর্তন আসবে।
প্রশ্ন :
প্রথম আলো: পদ্মা সেতু ঘিরে জেলার ব্যবসায়ীদের প্রত্যাশা কেমন?
বাবুল চন্দ্র দাস: পদ্মা সেতু চালু হলে ব্যবসা-বাণিজ্যে সম্ভাবনার নতুন দুয়ার খুলবে বলে জেলার ব্যবসায়ীরা আশা করছেন। তাঁরা আশাবাদী, নতুন শিল্পকারখানা গড়ে তুলতে রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলার ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করবেন। এতে জেলার মানুষের কর্মসংস্থান বাড়বে। দূর হবে বেকারত্ব।
প্রশ্ন :
প্রথম আলো: পদ্মা সেতুকে ঘিরে পরিবহন খাতে পরিবর্তন আসছে। কিন্তু জেলায় বড় বিনিয়োগ হচ্ছে না কেন?
বাবুল চন্দ্র দাস: আমাদের এই অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য ঢাকাসহ পদ্মার ওপারে পাঠাতে গেলে ফেরিই ছিল একমাত্র মাধ্যম। এই ফেরি পারাপারে একটি গাড়ি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে তিন থেকে চার দিন চলে যেত। পদ্মা সেতু চালু হলে ব্যবসায়ীদের এই দুর্ভোগ আর হতাশা থাকবে না। পরিবহন খাতে পরিবর্তন আসবে। কয়েক ঘণ্টার মধ্যে উৎপাদিত পণ্য ঢাকাসহ দেশের নানা প্রান্তে পাঠাতে পারব। একই সঙ্গে কাঁচামালের আমদানি-রপ্তানিতে বিরাট পরিবর্তন আসবে। তবে, বড় ধরনের বিনিয়োগ নিয়ে জেলার ব্যবসায়ীরা দেখেশুনে এগোতে চান। কারণ, ইতিপূর্বে এই অঞ্চলের ব্যবসায়ীরা বড় বিনিয়োগ করে ক্ষতির মুখে পড়েছেন। সরকারি সুযোগ-সুবিধা কম থাকায় অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। এখন জেলায় বড় বিনিয়োগের জন্য সরকারি–বেসরকারি উদ্যোগের পাশাপাশি বিদেশি সহযোগিতা প্রয়োজন।
প্রশ্ন :
প্রথম আলো: জেলায় বন্ধ কলকারখানা চালুর ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী?
বাবুল চন্দ্র দাস: পাট রপ্তানির জন্য অন্যতম জেলা মাদারীপুর। এই জেলায় বেশ কয়েকটি দেশি–বিদেশি পাটকল বন্ধ হয়ে গেছে। এর পেছনে অন্যতম কারণ ছিল পরিবহন খাত। পদ্মা সেতু খুলে দেওয়ার পর বন্ধ কলকারখানা আবার চালুর সম্ভাবনা রয়েছে। এর বাইরে নতুন করে পাট, তেল, চাল ও ডাল উৎপাদনের জন্য কলকারখানা গড়ে উঠবে। তৈরি পোশাক খাতেও জেলায় বিনিয়োগ আসবে বলে আমরা আশা করছি।
প্রশ্ন :
প্রথম আলো: পদ্মা সেতু ঘিরে আমদানি-রপ্তানি কতটা বাড়তে পারে?
বাবুল চন্দ্র দাস: পদ্মা সেতু চালু হলে চট্টগ্রাম ও ঢাকা থেকে দ্রুত কাঁচামাল আমদানি সম্ভব হবে। কাঁচামালের আমদানি বাড়লে কলকারখানায় উৎপাদনের পর তা দ্রুত রপ্তানি করা যাবে। বিশেষ করে এই অঞ্চলে খাদ্যজাত পণ্যে উৎপাদন বর্তমান সময়ের তুলনায় অন্তত পাঁচ গুণ বাড়বে বলে আশা করছি। আমরা ধারণা করছি, বেসরকারি খাতে প্রথম পর্যায়ে প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগ আসবে। ধীরে ধীরে এই বিনিয়োগ বাড়বে।