ব্যবসায়ীরা বুঝে গেছেন, দাম বাড়ালেও দেখার কেউ নেই

করোনাকালে মানুষের চাকরি চলে গেছে, কারও বেতন কমেছে, কেউ আবার নতুন করে শুরু করার সংগ্রাম করছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ যখন অর্থনৈতিকভাবে নিজেদের গুছিয়ে নিচ্ছে, তখনই হিসাব পাল্টে দিচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বর্তমান পরিস্থিতির এসব দিক নিয়ে প্রথম আলো কথা বলেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এম নাজমুল আযমের সঙ্গে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এম নাজমুল
ছবি: সংগৃহীত
প্রশ্ন:

বেশ কিছুদিন ধরে নিত্যপণ্যসহ বিভিন্ন জিনিসের দাম বাড়ছে। এর প্রভাব কেমন?

এম নাজমুল আযম: এর কারণে সাধারণ মানুষ, বিশেষ করে যাদের ‘অবৈধ’ আয়ের পথ নেই, তারা খুবই কষ্টে আছে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। ওই কাতারে সবচেয়ে নাজুক অবস্থায় আছে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষ। বিশেষ করে বেসরকারি চাকরিজীবীরা আরও বেশি সংকটে আছেন। টিসিবি থেকে রাস্তার ওপর যে পণ্য বিক্রি করছে, তাতে মানুষের লাইন দেখলে বিষয়টি বোঝা যায়। একসময় নিম্ন আয়ের মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনত। কিন্তু এখন মধ্যবিত্তরাও লোকলজ্জা ভুলে সে লাইনে দাঁড়াচ্ছে।

প্রশ্ন:

ব্যক্তির আয়ের চেয়ে ব্যয় বেড়েছে। অনেকে চাকরি হারিয়েছেন...

এম নাজমুল আযম: আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগে ২১ জন কর্মী কাজ করতেন। কিন্তু করোনাকালে আয় কমে যাওয়ায় ১০ জনকে বাদ দিতে হয়েছে। যে ১০ জনকে বাদ দিতে হয়েছে, তাঁরা যে কাজ করতেন, সেগুলো কমিয়ে আনতে হয়েছে। দেশের প্রতিটি ক্ষেত্রেই এখন এমন পরিস্থিতি বিরাজ করছে। আগে মানুষ যে পরিমাণ খাওয়াদাওয়া করত, ব্যয় কমাতে তা অনেকটা কমিয়ে এনেছে। আগে সংসারে হয়তো তেল খরচ করত ৮ লিটার, এখন করছে ৪ থেকে ৫ লিটার। মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এনেছে করোনা পরিস্থিতি। এর মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের কষ্টকে আরও বাড়িয়ে দিয়েছে।

প্রশ্ন:

জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণ কী?

এম নাজমুল আযম: এখন বড় বড় ব্যবসায়ীই রাজনীতিতে প্রবেশ করেছেন। তাঁরা সব সময় অধিক মুনাফা করার পক্ষে। এ ক্ষেত্রে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যবসায়ীদের সঙ্গে পেরে উঠছে না। এসব প্রতিষ্ঠানের বাজার পর্যবেক্ষণ ব্যবস্থা বা মূল্যনির্ধারণের যে পদ্ধতি, তা সেভাবে কাজ করছে না। জেলা ও বিভাগীয় পর্যায়ে মাঝেমধ্যে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি নিয়ে আলোচনা হয়, কিন্তু এর মূলে যারা আছে, তাদের ব্যাপারে কোনো সুপারিশ করা হয় না বা করতে হয়তো ভয় পান সরকারি কর্মকর্তারা। অন্যদিকে কাঁচামালের ক্ষেত্রে দেখা যায়, পাইকারি বাজারে সবজির দাম অনেক কম। সেই তুলনায় খুচরা বাজারে দাম কয়েক গুণ বেশি। ব্যবসায়ীদের বর্তমান প্রবণতা হলো, যেভাবেই হোক বেশি মুনাফা করতে হবে। এ ছাড়া ওই ব্যবসায়ীরা বুঝে গেছেন, দাম বাড়ালেও এগুলো দেখার বা সুরাহা করার কোনো ব্যবস্থা নেই।

প্রশ্ন:

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য কী করা উচিত?

এম নাজমুল আযম: প্রতিটি ক্ষেত্রে সেক্টর অনুযায়ী ব্যবসায়ীদের সমিতি আছে। শিল্প-বণিক সমিতি, সরকার যদি নিয়মিত বসে, বাজার পর্যবেক্ষণ করে এবং নিয়মের ব্যত্যয় ঘটলে শাস্তির আওতায় আনা যায়, তাহলেই দ্রব্যমূল্য কমতে পারে। কিন্তু এগুলো কে করবে, কে দায়িত্ব নেবে—সেটাই বড় প্রশ্ন।