ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে অস্ত্রোপচারে টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচারে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সে আসা কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ভান্ডারা গ্রামের মো. নূর জামাল তাঁর স্ত্রী নাসরিন বেগমকে (২০) অন্তঃসত্ত্বা অবস্থায় গত ৩০ অক্টোবর ওই স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে যান। সেখানে স্বাভাবিক প্রসবের দিন পেরিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ নূর জামালকে তাঁর স্ত্রীকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের প্রস্তাব দেয়। অস্ত্রোপচারের খরচ হিসেবে তাঁকে ৩ হাজার টাকা জমা দিতে বলা হয়। নূর জামাল ওই টাকা জমা দেন। পরের দিন নাসরিনের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুল্লাহেল মাফি। আর অবেদনবিদ হিসেবে দায়িত্ব পালন করেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. কামাল আহমেদ।

হরিপুরের বুজরুক গ্রামের প্রফুল্ল রায়ের স্ত্রী কুসুম রানী গত রোববার প্রসবসেবার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেদিন বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর প্রসব করানো হয়। বিনিময়ে প্রফুল্লকে ৩ হাজার টাকা দিতে হয়েছে। গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কথা হয় নাসরিন ও কুসুমের সঙ্গে। কুসুম বলেন, সরকারি হাসপাতালে অস্ত্রোপচারে টাকা নেওয়া হয় না বলেই তিনি এখানেসেবা নিতে আসেন। কিন্তু জরুরি প্রয়োজনে অস্ত্রোপচার করতে হয়। তখন ফি বাবদ ৩ হাজার টাকা দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে টাকা দিয়েই তিনি অস্ত্রোপচার করেন। তবে কুসুমের দেবর বিমল রায় বলেন, অস্ত্রোপচারের জন্য টাকা নেওয়া হলেও তাঁদের রসিদ দেওয়া হয়নি।

নাসরিন বলেন, আদায় করা টাকার মধ্যেই চিকিৎসক, ওষুধের দামসহ সব খরচ হয়ে যাওয়ার কথা বলা হলেও তাঁকে বাইরে থেকে অনেক ইনজেকশন ও ওষুধ কিনতে হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের সব সুযোগ-সুবিধা থাকার পরও এখানে চিকিৎসক সংকটে অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার দীর্ঘদিন বন্ধ ছিল। এতে দরিদ্র নারীরা অস্ত্রোপচারের মাধ্যমে প্রসবসেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা ও মান উন্নয়ন কমিটির নজরে আসে। গত ২৮ অক্টোবর কমিটির সভায় নির্দিষ্ট ফির বিনিময়ে অস্ত্রোপচার কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের পর গত ৩১ অক্টোবর অস্ত্রোপচার শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহেল মাফি বলেন, ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তেই স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালিত হয়। কমিটির সদস্যরা যে সিদ্ধান্ত নেন, তা আমরা বাস্তবায়ন করতে বাধ্য। অস্ত্রোপচারের বিপরীতে আদায় করা টাকার মধ্যে অবেদনবিদকে ১ হাজার ৫০০ টাকা দেওয়া হয়। আর বাকি টাকা ওষুধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য খরচ করা হয়। রসিদ না দেওয়া হলেও আদায় করা টাকার খরচ সুষ্ঠুভাবে রাখা হচ্ছে।’

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামাল আহমেদ বলেন, ‘অফিস সময়ের বাইরে ডাক দেওয়ায় আমি সেখানে অবেদনবিদের দায়িত্ব পালন করেছি। বিনিময়ে যাতায়াত খরচ বাবদ তাঁরা আমাকে কিছু টাকা দিয়েছেন।’ তবে প্রতি ডাকের বিপরীতে ১ হাজার ৫০০ টাকা নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন আবু মো. খয়রুল কবীর বলেন, সরকারি হাসপাতালে অস্ত্রোপচার বাবদ টাকা নেওয়ার নিয়ম নেই। হাসপাতাল ব্যবস্থাপনা ও মান উন্নয়ন কমিটি অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার বাবদ টাকা নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা তাঁর জানা নেই।

হাসপাতাল ব্যবস্থাপনা ও মান উন্নয়ন কমিটির সভাপতি ও সাংসদ মো. ইয়াসিন আলী বলেন, এই হাসপাতালে অস্ত্রোপচার দীর্ঘদিন বন্ধ ছিল। স্থানীয় দুস্থদের বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচার করতে হতো। এতে তাঁদের অনেক টাকা খরচ হতো। এ বিবেচনায় রোগীর কাছ অস্ত্রোপচার বাবদ ন্যূনতম টাকা নিয়ে অস্ত্রোপচার চালুর ওই সিদ্ধান্ত নেওয়া হয়।