ফরিদপুর আওয়ামী লীগ
‘ব্যস্ততার’ কারণে এখনো হয়নি পূর্ণাঙ্গ কমিটি
গত ১২ মে ফরিদপুর শহরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার পর এক মাস পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। ওই সম্মেলনে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এক মাসের মধ্যে ৭১ সদস্যের জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেন কেন্দ্রীয় নেতারা।
এ সম্পর্কে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন। ২৩ মে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি নিয়ে ঢাকায় একাধিকবার বিভিন্ন সভায় যোগ দিতে হয়েছে। এসব ব্যস্ততার কারণে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি।
‘দ্রুতই কমিটি পূর্ণাঙ্গ করা হবে’ মন্তব্য করে শামীম হক বলেন, আগামী নির্বাচন সামনে রেখে কমিটিতে নবীনদের প্রাধান্য দেওয়া হবে। নবীন ও প্রবীণ মিলিয়ে একটি কমিটি করা হবে। তবে এটা নিশ্চিত, যারা জেল খেটেছে, বিভিন্ন মামলার আসামি, তাদের কাউকে নতুন কমিটিতে জায়গা দেওয়া হবে না।
২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি নিয়ে ঢাকায় একাধিকবার বিভিন্ন সভায় যোগ দিতে হয়েছে। এসব ব্যস্ততার কারণে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি।শামীম হক, সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামী লীগ
গত ১২ মে ফরিদপুর শহরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। ত্রিবার্ষিক ওই সম্মেলনে সভাপতি পদে শামীম হক ও সাধারণ সম্পাদক পদে শাহ্ মোহাম্মদ ইশতিয়াকের নাম ঘোষণা করা হয়। শামীম হক জেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি ও শাহ্ মোহাম্মদ ইশতিয়াক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন।
ওই সম্মেলনের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মির্জা আজম। তখন তিনি বলেছিলেন, এই দুই নেতাকে দলের অপর নেতাদের সঙ্গে আলাপ করে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে আগামী তিন মাসের মধ্যে দলের বর্ধিত সভা করতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি পদে ১০ জন ও ২১ জন সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন জন। মির্জা আজম বলেছিলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী সবাইকে জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে রাখা হবে।
সম্মেলনের আগে গত ১৬ এপ্রিল জেলা আওয়ামী লীগের সাবেক কমিটির শেষ বর্ধিত সভা হয়। ওই সভায় মির্জা আজম সম্মেলনের এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি এবং তিন মাসের মধ্যে বর্ধিত সভা আহ্বানের কথা বলেছিলেন।
তবে আওয়ামী লীগের সম্মেলনের পর এক মাস পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এর আগে ২০১৬ সালের মার্চ মাসে জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। আর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় এক বছর আট মাস পর ২০১৭ সালের নভেম্বরে। ২০০৬ সালের সম্মেলনের পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় প্রায় আড়াই বছর পর।
নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের সাবেক এক নেতা বলেন, নেতারা প্রতিশ্রুতি হিসেবে অনেক কথাই বলেন। অনেক দায়িত্ব দেন। যে নেতা বলেন ও দায়িত্ব দেন, সেই নেতাও জানেন, এক মাসের মধ্যে একটি দলের পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব নয়।
গত এক মাসে সংগঠনের কাজে ব্যস্ত সময় পার করেছেন বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ ইশতিয়াক। তিনি বলেন, ‘এই এক মাসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে ও ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। ঢাকায় কেন্দ্রীয় নেতাদের বাড়িতে গিয়ে সাক্ষাৎ ও শুভেচ্ছা জানিয়েছি।’