ব্যাংক কর্মকর্তাকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতের রায়
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় কৃষি ব্যাংকে ডাকাতি করার সময় এক কর্মকর্তা হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে দুজনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। এ মামলায় অপর ২৫ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সমির দাস ওরফে সমিরন দাস মুকসুদপুর উপজেলার উজানি ইউনিয়নের বাসুড়িয়া গ্রামের বাসিন্দা। তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুজন হলেন, কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের ইয়ার আলি সিকদার এবং একই ইউনিয়নের সিলটা গ্রামের রফিকুল ইসলাম। তাঁদের দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১০ এপ্রিল রাতে একদল ডাকাত বাংলাদেশ কৃষি ব্যাংকের কাশিয়ানী শাখায় ডাকাতি করতে যায়। ওই সময় ব্যাংকের মধ্যে একটি কক্ষে সহকারী ব্যবস্থাপক আয়ুব হোসেন মোল্লা (৫৫) ঘুমিয়ে ছিলেন। তিনি ডাকাতদের উপস্থিতি বুঝতে পেরে চিৎকার দেন। এ সময় সমির দাস প্রথমে কুপিয়ে ও পরে বন্দুক দিয়ে গুলি করে ওই কর্মকর্তাকে হত্যা করেন।

এরপর ডাকাত দলের সদস্যরা ব্যাংক এবং বাজারের চারটি দোকান থেকে টাকা লুট করে নেয়। পরের দিন ১১ এপ্রিল ব্যাংকের ব্যবস্থাপক শচীন্দ্র নাথ বালা বাদী হয়ে কাশিয়ানী থানায় ২৮ জনকে আসামি করে মামলা করেন।

দীর্ঘ শুনানির পর বিচারক এ রায় দেন। মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন মো. শহিদুজ্জামান খান। তিনি বলেন, এ রায়ে তাঁরা সন্তুষ্ট নন। হত্যাকাণ্ডের সঙ্গে অন্যরাও জড়িত ছিলেন। তাঁরা বাদী পক্ষের সঙ্গে আলোচনা করে উচ্চ আদালতে যাবেন।