ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের টাকা চুরির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের এক লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। রোববার দুপুরে মাদারীপুর পুরান বাজার সোনালী ব্যাংকের প্রধান শাখায়
ছবি: প্রথম আলো

মাদারীপুরে সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের এক লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা ১১টার দিকে শহরের পুরান বাজার সোনালী ব্যাংকের প্রধান শাখায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই গ্রাহকের নাম মজিবুর রহমান সিপাই। তিনি মাদারীপুর পৌরসভার মাস্টার কলোনি এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে।

মজিবুর রহমান অভিযোগ করেন, সোনালী ব্যাংকের মাদারীপুর প্রধান শাখা থেকে পাঁচ লাখ টাকা উত্তোলনের করেন তিনি। তাঁকে ১ লাখ টাকার দুটি বান্ডিল ও ৫০ হাজার টাকার ৬টি বান্ডিল দেওয়া হয় ব্যাংকের ৪ নম্বর ক্যাশ কাউন্টার থেকে। পরে সেই টাকা নিজের সঙ্গে থাকা শপিং ব্যাগে রাখেন তিনি। কিছু সময় পর তিনি দেখেন, ব্যাগ থেকে কয়েকটি বান্ডিল ব্যাংকের ভেতরে মেঝেয় পড়ে আছে। সেখান থেকে টাকা গুনে এক লাখ টাকার একটি বান্ডিল কম পান। তিনি বুঝতে পারেন তাঁর ব্যাগ থেকে এক লাখ টাকা চুরি হয়ে গেছে।

মজিবুর রহমান বলেন, ‘ব্যাগ কেটে টাকা চুরির পরই আমি ব্যাংকের ম্যানেজারকে বিষয়টি জানিয়েছি। প্রথমে তিনি কোনো গুরত্বই দেননি। পরে লোকজন জড়ো হয়ে গেলে তিনি পুলিশকে খবর দেন। ততক্ষণে চোর ব্যাংক থেকে সটকে পড়ে।’

শাখাটির সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক ফিরোজুর রহমান বলেন, সিসিটিভির ফুটেজ দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ক্যাশ কাউন্টার থেকে টাকা বুঝে পাওয়ার পর এ ঘটনা ঘটেছে। এখানে ব্যাংকের কোনো ভুল নেই। এরপরও যেহেতু ব্যাংকের ভেতর ঘটনাটি ঘটেছে বলে গ্রাহক অভিযোগ করেছেন, ফলে পুলিশের সহায়তায় সিসিটিভির ফুটেজ দেখে চোর শনাক্ত করা হবে।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংক থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।