ব্যাখ্যা দিতে ওসি ও তদন্তকারী কর্মকর্তাকে নারায়ণগঞ্জ আদালতের তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ‘মৃত’ কিশোরীর জীবিত ফেরত আসার ঘটনার ব্যাখ্যা চান আদালত। এ জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তাকে তলব করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেপ্তার হওয়া তিন আসামির জামিন শুনানিকালে এ আদেশ দেওয়া হয়। আদালতের বিচারক কাওসার আলম আদেশে ৩১ আগস্ট ওই দুই পুলিশ কর্মকর্তাকে সশরীরে উপস্থিত হয়ে কিশোরী কীভাবে মৃত হলো এবং সেই মেয়েটিই আবার কীভাবে জীবিত ফেরত এল, সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন।

আরও পড়ুন

আসামি আবদুল্লাহ ও রকিবের আইনজীবী রোকন উদ্দিন প্রথম আলোকে বলেন, কারাগারে থাকা তিন আসামির জামিনের আবেদন করেছিলেন তাঁরা। কিন্তু আদালতে ৩১ আগস্ট শুনানির দিন ধার্য করেছেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, কিশোরীর কথিত স্বামী ইকবালের রিমান্ড শুনানির দিন ধার্য ছিল বৃহস্পতিবার। আদালত এই মামলার সব আসামির উপস্থিতিতে ৩১ আগস্ট শুনানির দিন ধার্য করেছেন। ওসি ও তদন্তকারী কর্মকর্তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার আদেশ তাঁরা এখনো হাতে পাননি।

এদিকে ওই কিশোরীকে ধর্ষণ, হত্যা, গুমের মিথ্যা ও বানোয়াট মামলায় আবদুল্লাহ, রকিব ও খলিলকে ফাঁসানোর অভিযোগে সকালে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছেন তাঁদের পরিবারের সদস্য ও এলাকাবাসী। তাঁরা মামলা প্রত্যাহার ও অভিযুক্ত মামলার তদন্তকারী কর্মকর্তাসহ জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ওই মানববন্ধনে আবদুল্লাহর বাবা আমজাদ হোসেন বলেন, মেয়েকে ফিরে পেয়েছে তার পরিবার। কিন্তু তাঁরা তাঁদের সন্তানকে ফিরে পাননি। তাঁরা কোনো অপরাধ করেনি বলেই মেয়েটি ফেরত এসেছে। মারধর করে তাদের কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তাহলে তারা নির্দোষ হয়েও কেন জেল খাটবে? এই ঘটনার জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের শাস্তি হওয়া দরকার উল্লেখ করে তিনি শঙ্কা প্রকাশ করেন, তাঁর সন্তানসহ অন্যদের পুলিশ অন্য কোনো মামলায় ফাঁসানোর চেষ্টা করতে পারে।

গত ৪ জুলাই ১৫ বছর বয়সী কিশোরী নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে না পেয়ে থানায় প্রথমে জিডি ও পরে মামলা করেন। ওই মামলায় পুলিশ আবদুল্লাহ, রকিব ও খলিলুর রহমানকে গ্রেপ্তার করে। তাঁরা কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়ার কথা গত ৯ আগস্ট আদালতে দেওয়া জবানবন্দিতে ‘স্বীকার করেন’। ঘটনার ৫১ দিন পর গত ২৩ আগস্ট ওই কিশোরী ফিরে আসে।
কিশোরী আদালতকে বলে, ইকবাল নামের এক যুবককে বিয়ে করে বন্দর এলাকার এক ভাড়া বাড়িতে সংসার করছে সে। আদালত পরে ওই কিশোরীকে তার পরিবারের জিম্মায় দিয়েছে।