ব্যাগিং ও ঝোপ পদ্ধতিতে পেয়ারা চাষে মাসুমের সাফল্য
মাছুম আল মামুন পড়াশোনা শেষ করে পেয়ারা চাষে মনোযোগ দেন। নিজের প্রচেষ্টায় ইতিমধ্যে তিনি ‘ফ্রুট ব্যাগিং’ ও ঝোপ পদ্ধতিতে পেয়ারা চাষ করে সফলতা পেয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি নিয়মিত বাগান পরিচর্যার মাধ্যমে তিনি এই সাফল্য পান।
মাছুম আল মামুনের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস গ্রামে। চলতি মৌসুমে চার একর জমিতে পেয়ারা চাষে তাঁর খরচ হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা। আজ শুক্রবার পর্যন্ত তিনি পেয়ারা বিক্রি করেছেন ৬ লাখ ২০ হাজার টাকার। এই মৌসুমে ১৫ লাখ টাকার পেয়ারা বিক্রি করার আশা করছেন তরুণ এই কৃষি উদ্যোক্তা। তিনি জানান, সব খরচ বাদে প্রায় ১০ লাখ টাকা মুনাফার আশা করছেন তিনি। তাঁর ভাষ্য, ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে চাষ করলে পেয়ারায় কীটনাশক ব্যবহার কম হয়। এতে পেয়ারার গুণগত মান ঠিক থাকে। অন্যদিকে ঝোপ পদ্ধতিতে পেয়ারা চাষ করলে সারা বছরই ফলন পাওয়া যায়।
চার বছর আগে উপজেলার গজারিয়া গ্রামে চার একর জমি ইজারা নিয়ে পেয়ারা চাষ শুরু করেন মাছুম। আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকায় এ বছর তাঁর বাগানের প্রতিটি গাছে প্রচুর পেয়ারা ধরেছে। পাইকারি ব্যবসায়ীরা তাঁর বাগানে গিয়ে পেয়ারা কিনে ঢাকাসহ সারা দেশে নিয়ে যাচ্ছেন।
মাছুম আল মামুন বলেন, ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে পেয়ারা চাষ করলে পোকার আক্রমণ থেকে পেয়ারা রক্ষা করা যায়। সেই সঙ্গে কীটনাশকও ছিটাতে হয় না। তাঁর বাগানে ২ হাজার ৪০০ পেয়ারাগাছ আছে। এর মধ্যে ১ হাজার ৪০০ গাছে তিনি ফ্রুট ব্যাগিং পদ্ধতি কাজে লাগিয়েছেন। বাকিগুলোতে ঝোপ পদ্ধতি ব্যবহার করেছেন।
ময়মনসিংহের ভালুকা থেকে আসা ব্যবসায়ী শাহীন মিয়া জানান, তিনি প্রতি সপ্তাহে একবার এ বাগানে পেয়ারা কিনতে আসেন। ৫০০ কেজি পেয়ারা কিনে খুচরা বিক্রি করেন তিনি। ৪০-৪২ টাকা কেজি পেয়ারা কিনে ১০০-১২০ টাকা কেজিতে খুচরা বিক্রি করেন শাহীন মিয়া।
সখীপুরের আরেক ব্যবসায়ী আবদুল বাছেদ মিয়া বলেন, ‘আমি ও আমার আরেক ভাই মিলে সখীপুর বাসস্ট্যান্ডে পেয়ারা, আমড়া কেটে প্লেটে করে পথচারীদের কাছে বিক্রি করি। মাসুমের বাগান থেকে পাইকারি এনে বিক্রি করে বেশ টাকা আয় হয়।’
ব্যাগিং পদ্ধতি
পেয়ারা যখন আকারে ছোট থাকে, তখন একধরনের ক্ষতিকর পোকা পেয়ারার ওপর হুল বিঁধিয়ে দেয়। এতে পেয়ারার ভেতরে ক্ষতিকর পদার্থ ঢুকে পেয়ারা আস্তে আস্তে পচে যায়। পেয়ারার ওপর দিয়ে পলিথিন পেঁচিয়ে ব্যাগিং করে দিলে ওই পোকা হুল বিঁধাতে পারে না। ফলে পচন রোগ থেকে রক্ষা পায় পেয়ারা। এ পদ্ধতিকে ব্যাগিং পদ্ধতি বলে।
ঝোপ পদ্ধতি
যে ডালে পেয়ারা ধরে, সেই ডাল থেকে পেয়ারা সংগ্রহের পর ডালটির কিছু অংশ রেখে কেটে ফেলতে হয়। ওই কাটা স্থানে ১৫ দিন পর নতুন পাতা গজাবে। এরপর ফুল ও পেয়ারা ধরবে। এভাবে চার মাস পর একই ডালে আবার পেয়ারা ধরবে। পরিচর্যার মাধ্যমে বছরে তিনবার বাগান থেকে পেয়ারার ফলন পাওয়াকে ঝোপ পদ্ধতি বলে।
উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ প্রথম আলোকে বলেন, সখীপুরের মাটি আম, জাম, পেয়ারা, মাল্টা, কলা চাষের জন্য বেশ উপযোগী। এখানে একসময় ফ্রুট জোন হবে। সখীপুরে একচিলতে জমিও অনাবাদি নেই। সখীপুরের মাসুম আল মামুন একজন সফল উদ্যোক্তা। তিনি ব্যাগিং ও ঝোপ পদ্ধতি অবলম্বন করে পেয়ারা চাষে সফল হয়েছেন। তাঁদের কার্যালয় থেকে তাঁকে সব ধরনের পরামর্শ ও সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।