‘ব্যাগোত খরচ করার টাকা হামার আছে?’
ঘর্মাক্ত শরীরে কাঁধে গামছা। এক প্রান্তের ছোট্ট পুঁটলি পিঠের ওপর ঝুলছে। অন্য প্রান্ত বুক বরাবর হাত দিয়ে শক্ত করে ধরা। গত সোমবার দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলার ডাঙ্গীরহাট বাজার থেকে এভাবেই হেঁটে বাড়ি ফিরছিলেন হানিফ মিয়া (৪২)। গামছার পুঁটলিতে কী? জানতে চাইলে হানিফ মিয়া কিছুটা বিরক্তির সঙ্গে বলেন, ‘চাউল, আলু, নুন আর একনা বাইগোন (বেগুন)।’ ব্যাগ নেই কেন? জবাবে বলেন, ‘ব্যাগোত খরচ করার টাকা হামার আছে? আগোত করচেনো। এ্যালা জিনিসের যে দাম, তাক আনতে গামছাতে আঁটে না।’
তারাগঞ্জের ডাঙ্গীরহাট সরকারপাড়া গ্রামের বাসিন্দা হানিফ মিয়া পেশায় রিকশাচালক। ২০ বছর ধরে তিনি তারাগঞ্জ থেকে রংপুর শহরে গিয়ে রিকশা চালান। হানিফ মিয়া জানান, আগে পায়ে প্যাডেল মেরে রিকশা চালাতেন। তখন মালিককে রিকশার জমা দিতে হতো দৈনিক ৩০ টাকা। দিনভর রোজগার হতো ৪০০-৫০০ টাকা। এখন ব্যাটারিচালিত রিকশা চালান। এতে তাঁর ২০০-৩০০ টাকা আয় বাড়লেও সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে।
কিছুটা পড়ালেখা জানা হানিফ মিয়া হিসাব কষে বললেন, ব্যাটারিচালিত রিকশা চালিয়ে দৈনিক গড়ে ৭০০ টাকা আয় করেন। এর মধ্যে রিকশার ভাড়া দিতে হয় ৩০০ টাকা। ১০০ টাকা দুপুরের খাওয়া ও সারা দিনের চা–নাশতার পেছনে ব্যয় হয়। তারাগঞ্জ থেকে রংপুরে যাতায়াতে বাসভাড়া লাগে ৮০ টাকা। বাকি থাকে ২২০ টাকা। এই টাকায় কোনোভাবেই সংসার চলছে না। তিনি বলেন, দুই শিশুসন্তান, স্ত্রী ও মাকে নিয়ে তাঁর পাঁচ সদস্যের সংসার। দৈনিক চাল লাগে দুই কেজি। এর সঙ্গে রয়েছে সবজি, তেল, সাবানসহ বিভিন্ন জোগান। সন্তানদের পড়াশোনার খরচ, চিকিৎসা ও কাপড়ের জোগান। তাঁর মতে, বর্তমান বাজার অনুযায়ী সংসার পরিচালনায় সব মিলিয়ে দৈনিক প্রয়োজন ৫০০ টাকা।
হানিফ মিয়া আক্ষেপ করে বলেন, ‘দেশে বাজারদরের খুব উন্নয়ন হয়েছে। কিন্তু আমাদের মতো শ্রমিক রিকশাচালকের উন্নয়ন নেই। আমরা নীরবে তলিয়ে যাচ্ছি। সেদিকে তাকানোর কারও সময় আছে! মরে গেলেই বা কার কী ক্ষতি।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সংসার পরিচালনা করতে গিয়ে হানিফ মিয়ার মতো রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার গ্রামীণ খেটে খাওয়া মানুষের দুরবস্থার শেষ নেই। আয়-ব্যয়ের হিসাব তাঁরা যেমন মেলাতে পারছেন না, তেমনি পরিত্রাণের উপায় খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।
তারাগঞ্জের ফকিরপাড়া গ্রামের পাঁচ সদস্যের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জাহের আলী। পেশায় কাঠমিস্ত্রির সহকারী। দৈনিক আয় ৪০০ টাকা। কাজ না পেলে উপোস কাটাতে হয়। বলেন, ‘দাঁতের মাজন থাকি শুরু করি গাও ধোয়া সাবান, তেল ওষুধ চাউল তরিতরকারি সউগের দাম বছর বছর বাড়োছে। দুই বছর আগেও যে মজুরি পাছি, এ্যালাও কাম করি সেই মজুরি পাই। কিন্তু বাজার কইরবার গেইলে মাথা ঘোল হয়া যায়। মাছ মাংস দুই মাস থাকি চোউকে দেখি নাই। এক দিনের কামাই দিয়া এক দিন সংসার চলে না। হামার মরা ছাড়া নিস্তার নাই।’
করোনাকালে নানা জটিলতায় দেনায় পড়েছেন কৃষি শ্রমিক রাতুল মিয়া। গত সোমবার বদরগঞ্জহাটে ছাগল বিক্রি করতে এসেছিলেন। চায়ের দোকানে কথা হয় রাতুলের সঙ্গে। বলেন, ‘ভাই, বর্তমানে তেমন কাজ নেই। মাসে ২০ দিন কাজ পাওয়া যায় না।’ মাসিক তাঁর গড় আয় ৮ হাজার টাকা। কিন্তু ছয় সদস্যের সংসার চালাতে তাঁর প্রতি মাসে ৫০ কেজি চাল, দুই কেজি ডাল, ৫ লিটার সয়াবিন, ৪ কেজি লবণ, হলুদ ৫০০ গ্রাম, আদা ৫০০ গ্রাম, রসুন ২ কেজি, পেঁয়াজ ৫ কেজি, গোসল করার সাবান, কাপড় কাঁচা সাবান, পেস্ট, খড়িসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস লাগে। কিন্তু তাঁর যে আয় মাসের অর্ধেক যেতেই টানাটানি লেগে যায়। মাস শেষে হাত পাততে হয় প্রতিবেশীদের কাছে।
মঙ্গলবার তারাগঞ্জ ও বদরগঞ্জের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি চাল মোটা ৩৫-৩৮ টাকা, স্বর্ণা ৪০-৪৪ টাকা, মিনিকেট ৬২-৬৪ টাকা, খোলা আটা ৩২-৩৫ টাকা, খোলা সয়াবিন ১৬০ টাকা লিটার, ডিম ৩৪ টাকা হালি, মসুর ডাল ১১০-১২০ টাকা, চিনি ৮০ টাকা, ছোলা ৯৫-১০০ টাকা, পেঁয়াজ ৩৫ টাকা, কাঁচা মরিচ ৬০, আদা ১০০, সজিনা ১৪০, বেগুন ৩০, করলা প্রতি কেজি ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।