ব্যাটারিচালিত রিকশা বিক্রি অবৈধ না হলে চালানো কেন অবৈধ?

সিলেটে সিটি করপোরেশনের ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানের জের ধরে গতকাল বুধবার রিকশাচালক ও সিটি করপোরেশনের কর্মচারীদের মধ্যে ইট-পাথর নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাকালে সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। ব্যাটারিচালিত রিকশা বিক্রি অবৈধ না হলে চালানো কেন অবৈধ—সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে এই প্রশ্নের উত্তরও জানতে চায় শ্রমিক ফ্রন্ট।

বুধবার সিলেট সিটি করপোরেশনে জব্দ করা ৫০টি ব্যাটারিচালিত রিকশা ছেড়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সমাবেশ হয়। এ সময় রিকশাশ্রমিক ও সিটি করপোরেশনের কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রমিক ফ্রন্ট সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার দাবি জানায়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শান্তিপূর্ণ সমাবেশে সিটি করপোরেশনের কর্মচারীরা হামলা চালিয়েছেন। ওই হামলায় ৪০ জন রিকশাশ্রমিকসহ সংগঠনের কয়েকজন নেতাও আহত হয়েছেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলা দুইটায় আম্বরখানা পয়েন্ট থেকে ব্যাটারিচালিত রিকশাচালকেরা বিক্ষোভ মিছিল করে সিটি পয়েন্টে বসে পুলিশ সদ্যসদের উপস্থিতিতে শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন। এ সময় নগর ভবন থেকে লাঠিসোঁটা হাতে কর্মচারীরা অবস্থান নেন। একপর্যায়ে ইট-পাথর মারলে শ্রমিকেরাও পাল্টা ঢিল ছোড়েন। পরে সিটি করপোরেশনের কর্মচারীরা হেলমেট পরে বাঁশ, লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালান। এ সময় পুলিশ সিটি করপোরেশনের প্রধান ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নেন।

সিলেটে সিটি করপোরেশনের ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানের জের ধরে গতকাল বুধবার রিকশাচালক ও সিটি করপোরেশনের কর্মচারীদের মধ্যে ইট-পাথর নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে

ব্যাটারিচালিত রিকশাচালকদের দাবির যৌক্তিকতা তুলে ধরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর বলেন, ব্যাটারিচালিত রিকশা জব্দ করা শ্রমিক স্বার্থবিরোধী পদক্ষেপ। করোনার কারণে এমনিতেই বেকারের সংখ্যা বাড়ছে, শ্রমিকেরা কাজ হারাচ্ছেন। সেখানে নিজের উদ্যোগে শ্রমিকেরা ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিল।

ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার দাবিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ওই দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ে কমিটি গঠন করে। ইতিমধ্যে রাজশাহী সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি করপোরেশনসহ অনেক জায়গায় স্থানীয় কর্তৃপক্ষ ব্যাটারিচালিত রিকশার চলাচলের অনুমতি দিয়েছে।

যে ব্যাটারিচালিত রিকশাকে অবৈধ বলে সিলেট সিটি করপোরেশন জব্দ করেছে, সেই ব্যাটারিচালিত রিকশা যেসব প্রতিষ্ঠান তৈরি করছে বা বিক্রি করছে, তাদের কেন বিক্রি করার লাইসেন্স দিচ্ছেন—সিলেট সিটি মেয়রের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চেয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর আরও বলেন, ব্যাটারিচালিত রিকশার নকশা আধুনিকায়ন করা হোক, যাতে এর গতি নিয়ন্ত্রণ করা যায়। এ বিষয়ে দ্রুত নীতিমালা প্রণয়ন করে লাইসেন্স দেওয়া হোক।

এ বিষয়ে জানতে চাইলে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা অনুমোদনহীন। অবৈধ এই রিকশা অবাধে নগরে চলাচল করছে। নানা দুর্ঘটনাও ঘটছে। অবৈধ রিকশা চলাচল নিয়ন্ত্রণ করতে সিটি করপোরেশনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েকটি রিকশা জব্দ করা হয়। আমি ব্যাটারি ও মটর খুলে রেখে রিকশার মালিকদের কাছে ফেরত দেওয়ার কথা বলেছি। শ্রমিকদের কথা চিন্তা করে জব্দ করা রিকশার কাগজপত্র দেখিয়ে এই নির্দেশনা কার্যকরের কথা বলেছি। কিন্তু মালিকেরা শ্রমিকদের উসকে দিয়ে জোর করে রিকশা ছিনিয়ে নিতে গিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনার পরিপ্রেক্ষিতে নগর ভবনে বিকেল চারটায় সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে জরুরি সভা করেন মেয়র। সভায় নগর ভবনে অতর্কিত হামলার তীব্র নিন্দা জানানো হয়।

এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে নগর ভবনে বিকেল চারটায় সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে জরুরি সভা করেন মেয়র। সভায় নগর ভবনে অতর্কিত হামলার তীব্র নিন্দা জানানো হয়। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।