ব্যান্ডেজ আর আংটি দেখে ব্যবসায়ীর লাশ শনাক্ত করলেন ছোট ভাই
সোনা ব্যবসায়ী উত্তম কুমার ধরের (৪০) ডান পায়ের বুড়ো আঙুলে একটি ব্যান্ডেজ ছিল। সেই ব্যান্ডেজ দেখেই তাঁর লাশ শনাক্ত করেন ছোট ভাই উজ্জল কুমার ধর। গতকাল শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে উত্তমের লাশ শনাক্তের পর সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
নিহত সোনা ব্যবসায়ী উত্তম চট্টগ্রামের ফটিকছড়ি থানার নাজিরহাট বাজারের জনতা জুয়েলার্সের মালিক। তিনি ফটিকছড়ির শাহনগর বণিকপাড়ার বাসিন্দা। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে।
নিখোঁজের তিন দিনের মাথায় গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ডেবারপাড় এলাকায় রেললাইন থেকে উত্তমের ছিন্নবিচ্ছিন্ন লাশ উদ্ধার করে রেল পুলিশ। লাশ এতটাই বিকৃত ছিল যে পরিচয় নিশ্চিতে পুলিশকে আঙুলের ছাপ ও ডিএনএ সংগ্রহ করতে হয়।
উজ্জল কুমার ধর প্রথম আলোকে বলেন, দীর্ঘদিনের অসুস্থতার কারণে দাদার (ভাই) ডান পায়ের বুড়ো আঙুলে একটি ব্যান্ডেজ ছিল এবং তিনি সব সময় তিনটি পাথরের আংটি পরতেন। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিন্নবিচ্ছিন্ন লাশের হাতের দুটি আঙুলে দুটি পাথরের আংটি, পায়ের বুড়ো আঙুলের ব্যান্ডেজ ও জুতা দেখে দাদার লাশ শনাক্ত করেন তিনি। পরে লাশ নিয়ে তাঁর নিজবাড়ির পারিবারিক শ্মশানে দাহ করা হয়।
উজ্জল প্রথম আলোকে বলেন, দাদার সীতাকুণ্ডে আসার কোনো কারণ ছিল না। তিনি ব্যক্তিগত ও চিকিৎসার কাজে চট্টগ্রামে যান। তিনি সীতাকুণ্ডে এলেন কীভাবে? ট্রেনে কাটা পড়লেন কীভাবে? পুরো ব্যাপারটি রহস্যে ঘেরা। তাঁদের ধারণা, পরিকল্পিতভাবে অপহরণের পর তাঁর দাদাকে হত্যা করা হয়েছে। পরে রেললাইনে লাশ ফেলে দিয়েছে দুষ্কৃতকারীরা।
রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, লাশ এতটাই বিকৃত ছিল যে তাঁর পরিচয় নিশ্চিত হতে পুলিশকে আঙুলের ছাপ ও ডিএনএ সংগ্রহ করতে হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই ব্যবসায়ী আর্থিক সংকটে ভুগছিলেন। সে জন্য তিনি মানসিক চাপে ছিলেন। ফলে কয়েক দিন আগে ঘর থেকে বেরিয়ে সীতাকুণ্ডে এসে দুর্ঘটনার শিকার হন তিনি।