ব্যয় বাড়ল ৪ হাজার কোটি টাকা

জলাবদ্ধতা নিরসনে চলমান বড় প্রকল্পে নকশার ভুল। একলাফে প্রকল্পের ব্যয় বেড়েছে ৭০ শতাংশ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে চলমান বড় প্রকল্পের ব্যয় বাড়ছে প্রায় চার হাজার কোটি টাকা। ৫ হাজার ৬১৬ কোটি টাকার এই প্রকল্পে এখন খরচ হবে ৯ হাজার ৫২৬ কোটি টাকা। অর্থাৎ একলাফে প্রকল্পের ব্যয় বেড়েছে ৭০ শতাংশ। প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

ঠিকভাবে সম্ভাব্যতা যাচাই ছাড়া উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা, ভুল নকশা এবং মহাপরিকল্পনা অনুসরণ না করার কারণে গুরুত্বপূর্ণ এই প্রকল্পে এই বিপুল অঙ্কের বাড়তি টাকা খরচ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মাঠপর্যায়ে সঠিকভাবে সম্ভাব্যতা যাচাই করে নকশা করা হলে এভাবে প্রকল্প ব্যয় বাড়ত না। তা ছাড়া নকশার কারণে কাজে বারবার হোঁচট খাওয়ায় কিছু কিছু ক্ষেত্রে কাজের গতি থেমে যায়। সেসব খাতেও ব্যয় বেড়েছে।

এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ৬২ শতাংশ। খরচ হয়েছে ২ হাজার ২০০ কোটি টাকা। ২০১৭ সালের আগস্টে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সিডিএ বাস্তবায়নকারী সংস্থা হলেও নির্মাণকাজ করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

সিডিএ ১০ হাজার ৪২০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করে সংশোধিত ডিপিপি তৈরি করেছিল। কিন্তু গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ব্যয়ের যৌক্তিকতা নির্ণয়ের জন্য একটি কমিটি গঠন করে। কমিটি চার দফা বৈঠক করে প্রকল্প ব্যয় ৯ হাজার ৫২৬ কোটি টাকা নির্ধারণ করে। সংশোধিত প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক ও সিডিএর নির্বাহী প্রকৌশলী আহমদ মঈনুদ্দীন।

মন্ত্রণালয় থেকে পাওয়া প্রকল্প-সংক্রান্ত সংশোধিত নথিপত্রে উল্লেখ করা হয়েছে, প্রতিরোধদেয়াল, নালা নির্মাণ, ব্রিজ-কালভার্ট, টাইডাল রেগুলেটর (জোয়ার প্রতিরোধক ফটক), সিল্ট ট্র্যাপের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নকশায় গলদ রয়েছে। চট্টগ্রামের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে মূল ডিপিপিতে নির্ধারিত নকশার বেশ পরিবর্তন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এ কারণে নির্মাণ ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

২০১৭ সালের ৯ আগস্ট অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলাবদ্ধতা নিরসন প্রকল্পের বিষয়ে বলেন, প্রস্তাবিত প্রকল্পটি ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা বা গবেষণা করে গ্রহণ করা হয়েছে বলে মনে হয় না।

মাশুল চার হাজার কোটি টাকা

চট্টগ্রাম নগরের ৩৬টি খালের দুই পাশে ১৭৬ কিলোমিটার প্রতিরোধদেয়াল নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৬৪০ কোটি টাকা। কিন্তু এখন খরচ হবে ৪ হাজার ৮৩৯ কোটি টাকা। খালের পাড়ে প্রতিরোধদেয়াল নির্মাণের প্রস্তাব থাকলেও ভবন ও রাস্তা রক্ষার বিষয়ে মূল নকশায় কোনো পরিকল্পনা ছিল না সিডিএর। কিন্তু মাঠপর্যায়ে কাজ করার সময় খালের পাশে থাকা বহুতল ভবন ও রাস্তার সুরক্ষার জন্য অস্থায়ী শিট পাইল (লোহার পাতের নিরাপত্তাবেষ্টনী) স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়। শিট পাইল স্থাপন করে কাজ করতে গিয়ে ব্যয় বেড়েছে।

মূল ডিপিপিতে ৪ কোটি টাকা ব্যয়ে ১৫ কিলোমিটার নালা নির্মাণের প্রস্তাব থাকলেও বাস্তবে তা অপর্যাপ্ত। এখন ৩৫৮ কোটি টাকায় ৯০ কিলোমিটার নালা নির্মাণ করতে হচ্ছে। অর্থাৎ খরচ বেড়েছে ৩৫৪ কোটি টাকা।

এ ছাড়া খালগুলো থেকে ২৮ কোটি ৮৫ লাখ টাকায় ৪ লাখ ২০ হাজার ঘনফুট কাদা অপসারণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সিডিএ। কিন্তু এখন ১৭২ কোটি টাকায় ১৯ লাখ ৫৮ হাজার ঘনফুট অপসারণ করতে হবে। আর ২৭ কোটি টাকায় মাটি খনন করার কথা ছিল ৫ লাখ ২৮ হাজার ঘনফুট। কিন্তু এখন ১৭০ কোটি টাকায় করতে হবে ২১ লাখ ঘনফুট।

মহেশ খালে ২১টি ফটক (ভেন্ট) এবং অন্য চারটি খালে ৪ ফটকের টাইডাল রেগুলেটর নির্মাণের জন্য বরাদ্দ রাখা হয়েছিল ৮৪ কোটি টাকা। কিন্তু নকশা সংশোধন করে মহেশ খালে ১২টি ফটকের এবং বাকি চারটিতে ২ ফটকের রেগুলেটর নির্মাণ করা হবে। নতুন করে যুক্ত করতে হয়েছে স্বয়ংক্রিয় গেট, পাম্পহাউস ও জেনারেটর। এখন সব মিলিয়ে খরচ হবে ১৯৯ কোটি টাকা।

এদিকে ২০১৬ সালে করা ওয়াসার মহাপরিকল্পনায় নিরুৎসাহিত করা হলেও চারটি জলাধার নির্মাণ করার পরিকল্পনা করেছে সিডিএ। এতে ৮১ কোটি টাকা ব্যয় ধরা হয়। মহাপরিকল্পনায় ২২টি সিল্ট ট্র্যাপের (বালুর ফাঁদ) কথা বলা হলেও প্রথমে ২৯ কোটি টাকায় ৪২টি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল সিডিএ। এখন করছে ২৭টি। সংখ্যা কমলেও দেরি হওয়ায় খরচ হবে ১৪০ কোটি টাকা।

এই প্রকল্পের বিষয়ে গত বছরের মে মাসে পরিকল্পনা কমিশনের নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদনে বলা হয়, প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা যাচাই প্রতিবেদন অনেক ত্রুটিপূর্ণ। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে ডিপিপি তৈরি করায় নির্মাণকাজের নকশা, পরিমাণ, বাজেট ও মেয়াদ নির্ধারণে নানা ত্রুটি থেকে যায়। ফলে প্রতিনিয়ত নকশা সংশোধন ও পরিমার্জন করে কাজ করতে হচ্ছে।

নকশার ভুল ও বাড়তি ব্যয় প্রসঙ্গে প্রকল্প পরিচালক সিডিএর নির্বাহী প্রকৌশলী আহমদ মঈনুদ্দীনের কাছে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

কাজের পরিমাণ কমেছে, ব্যয় বেড়েছে

প্রকল্পের সব ক্ষেত্রে কাজের পরিমাণ বেড়েছে এমন নয়। কিছু কিছু ক্ষেত্রে কমেছে। কিন্তু ব্যয় কমেনি। প্রকল্প বাস্তবায়নে ১ হাজার ৭২৭ কোটি টাকা ব্যয়ে ৬ হাজার ৫১৬ কাঠা জায়গা অধিগ্রহণের প্রস্তাব রাখা হয়েছিল। এখন অধিগ্রহণ করা হচ্ছে ২ হাজার ৭০৩ কাঠা। তবে ৫১৪ কোটি টাকা বেড়ে ব্যয় হচ্ছে ২ হাজার ২৪১ কোটি টাকা। এ ছাড়া সময় বৃদ্ধির কারণে পরামর্শক ফি, বেতন–ভাতা ও ড্রেনেজ–কাঠামো সংরক্ষণ খাতে ব্যয় বেড়েছে প্রায় ১১৮ কোটি টাকা।

প্রকল্পের ব্যয় কেন এত বৃদ্ধি পেয়েছে, তা একনেকের অনুসন্ধান করা উচিত বলে মন্তব্য করেছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান দেলোয়ার মজুমদার। তিনি প্রথম আলোকে বলেন, সিডিএ যথাযথভাবে বিশ্লেষণ ও জরিপ না করেই তড়িঘড়ি করে জোড়াতালির ডিপিপি প্রণয়ন করে। কিন্তু নকশার ভুলের কারণে মাঠপর্যায়ের বাস্তবতার সঙ্গে ডিপিপির নকশা খাপ খাচ্ছিল না। এখন বাস্তবতা অনুযায়ী কাজ করতে গিয়ে নকশায় পরিবর্তন আনতে হয়েছে। প্রকল্প বাস্তবায়নেও বেশি সময় লাগছে। এ কারণে ব্যয় বেড়েছে।