ব্রহ্মপুত্র নদে ধরা পড়ল ১৭ কেজির বাগাড়
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ১৭ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে জেলে আছর উদ্দিনের জালে এ মাছ ধরা পড়ে। তাঁর বাড়ি সাহেবের আলগা ইউনিয়নের চর বাগুয়ার চর গ্রামে। মাছটি দেখতে নদের তীরে উৎসুক জনতা ভিড় জমায়।
জেলে আছর উদ্দীন জানান, গতকাল বুধবার সন্ধ্যায় বড় নৌকায় পাঁচজন সঙ্গীসহ তিনি ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান। শীতের মধ্যে সারা রাত জাল ফেলেও মাছ পাননি। মনে কষ্ট নিয়ে ফেরার পথে ব্রহ্মপুত্রের সাহেবের আলগা এলাকায় শেষ চেষ্টা চালান। তখনই মাছটি ধরা পড়ে। এরপর দ্রুত নৌকা ঘাটে ভেড়ান তিনি। মাছটি বিক্রির জন্য ভ্যানগাড়িতে উপজেলার থেতরাই ইউনিয়নের সাত দরগাহ বাজারে নিয়ে যান। সেখানে উন্মুক্ত ডাকের মাধ্যমে ৮০০ টাকা কেজি দরে মোট ১৩ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন উলিপুর বাজারের মাছ ব্যবসায়ী আওলাদ মিয়া। তিনি উলিপুর বাজারে মাছটি কেটে এক হাজার টাকা কেজি দরে মোট ১৬ হাজার টাকায় খুচরা বিক্রি করেন।
আছর উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে ব্রহ্মপুত্র নদে খুব কম মাছ পাওয়া যায়। গত বছর আমরা সপ্তাহে ৪০ থেকে ৫০ কেজি ওজনের মাছ পেতাম। বর্তমান পানি কম থাকায় কারেন্ট জাল ব্যবহারের কারণে মাছ কমে যাচ্ছে। কুড়িগ্রামে ১৬টি নদ-নদী। প্রচুর মিঠা পানির মাছ পাওয়া যেত। রুই, কাতলা, বোয়াল, আইড়, পাঙাশ, বোইরালি, গুজি, বাঁশপাতারিসহ অসংখ্য মাছ এখন খুব কম পাওয়া যায়। এসব মিঠা পানির মাছ রক্ষায় কোনো উদ্যোগ নেই সরকার বা মৎস্য বিভাগের।’
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘লোকমুখে শুনতে পাই, সাহেবের আলগা ঘাটে একটি বাগাড় মাছ ধরা পড়েছে। গিয়ে দেখি মাছের ওজন ১৭ কেজি।’
কুড়িগ্রাম জেলার মৎস্য কর্মকর্তা কালিপদ রায় প্রথম আলোকে বলেন, বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় মাঝে মাঝে বড় বড় বাড়াড়সহ অন্যান্য মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা উভয়ই খুশি।