ব্রহ্মপুত্রে নৌকাডুবির ২৩ ঘণ্টা পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ শিশু সানজিদা আক্তারের (১১) লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২৩ ঘণ্টা পর আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সানজিদার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর আগে গতকাল সোমবার দুপুর ১২টার কিছুক্ষণ পর উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগী বালিরঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেল পাঁচটার দিকে একই ঘটনায় নিখোঁজ শিশু শাবনুরের (৮) লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার হলো। সানজিদা পাকুন্দিয়া বালিরঘাটের কাঞ্চন মিয়ার মেয়ে এবং শাবনুর একই গ্রামের ফালান মিয়ার মেয়ে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে চরআলগী গ্রামের পাঁচ শিশু ছোট্ট একটি নৌকায় করে ব্রহ্মপুত্র নদে ঘুরতে যায়। কিছুক্ষণ পরই নদের ঢেউয়ে নৌকাটি উল্টে যায়। এ সময় তিন শিশু সাঁতরে তীরে উঠতে পারলেও সানজিদা ও শাবনুর পানিতে ডুবে নিখোঁজ হয়।
খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ওই দিন বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থলের কিছুটা দূরে শাবনুরের লাশ উদ্ধার করে। তবে গতকাল সানজিদার কোনো খোঁজ পাওয়া যায়নি।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারওয়ার জাহান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আবার উদ্ধার অভিযান শুরু করে। পরে বেলা সোয়া ১১টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি স্থান থেকে সানজিদার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।