ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ কয়েক লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত পরিবার, ফায়ার সার্ভিস, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের আসাদনগর গ্রামের দেওয়ানবাড়ির এনামুল হক দেওয়ানের বসতঘর থেকে শুক্রবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় এনামুলের ভাই জহিরুল ইসলাম দেওয়ান ও চাচাতো ভাই সেলিম দেওয়ানের বসতঘরেও আগুন ধরে যায়। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত এনামুল হক দেওয়ান বলেন, মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনটি বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাব, টিভি, ফ্রিজসহ কমপক্ষে ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিকভাবে সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে।