ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের এক দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকা থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সজল মিয়া (২৩) নামের ওই প্রসাধনসামগ্রীর ব্যবসায়ী এক দিন আগে কুমিল্লা শহরের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন।

পুলিশ ও নিহতের পরিবারের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে। সজল মিয়া কুমিল্লা সিটি করপোরেশনের পশ্চিম রেসকোর্সের শাসনগাছা এলাকার বাসিন্দা।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সজল কুমিল্লা শহরের বিভিন্ন দোকানে প্রসাধনীসামগ্রী পাইকারি দরে বিক্রি করতেন। এ হিসেবে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে ভারতীয় প্রসাধনসামগ্রী কিনতেন। গত সোমবারও এ কাজে শশীদল এলাকায় গিয়েছিলেন। কিন্তু ওই দিন রাতে আর বাসায় ফেরেননি।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে শশীদল এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশের একটি ধানখেতে সজলের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় কয়েকজন সজলকে চিনতে পারেন। পরে পরিবারের লোকজনকে খবর দেন।

খবর পেয়ে নিহতের মা জোহরা আক্তার ও বড় ভাই সুমন মিয়া ও খালাতো ভাই মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা, উপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ও কুমিল্লা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন ঘটনাস্থলে যান। লাশটির ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের মা জোহরা বেগম বলেন, সোমবার দুপুরে তাঁর ছেলে বাসা থেকে বের হওয়ার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁর মুঠোফোন নম্বরটিও বন্ধ ছিল। পরে মঙ্গলবার সকালে মৃত্যুর খবর পান। তাঁর ছেলেকে খুন করা হয়েছে। এ ঘটনায় মামলা করবেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।