ব্রাহ্মণপাড়ায় যুবকের লাশ উদ্ধার
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকার কৃষ্টপুর এলাকায় আজ বুধবার বিকেলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তাঁর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
রেলওয়ে ও ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ধারণা করছে, যুবকটি রাতের বা দিনের কোনো এক সময় ট্রেন থেকে পড়ে গিয়ে বা তাঁকে ট্রেন থেকে ফেলে হত্যা করা হয়েছে।
রেলওয়ে ও থানা-পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্টপুরে রেললাইনের পাশে আজ দুপুরে এক যুবকের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশে খবর দেন।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা, পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হুদা, উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনাস্থলে আসেন। লাশটি রেললাইন এলাকায় থাকায় রেলওয়ে পুলিশকে খবর দেন তাঁরা। খবর পেয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. ইসমাইল হোসেন আজ বিকেলে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
মো. নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, যুবকটি রাতের বা দিনের কোনো এক সময় ট্রেন থেকে পড়ে গিয়ে বা তাঁকে ট্রেন থেকে ফেলে হত্যা করা হয়েছে। তাঁর হাত-মাথা শরীরসহ বিভিন্ন স্থানের আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি রেলওয়ের সীমানায় থাকায় রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. ইসমাইল হোসেন বলেন, লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য প্রতিবেদন পেলে প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে।