ব্রাহ্মণপাড়ায় সুসজ্জিত গাড়িতে বিদায় নিলেন পুলিশ সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরিজীবন শেষ করে সাজানো গাড়িতে চড়ে বাড়ি ফিরেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার পুলিশ সদস্য শফিকুল ইসলাম
ছবি: প্রথম আলো

রংবেরঙের বেলুন ও ফুলে সাজানো হয়েছিল গাড়ি। চাকরিজীবন শেষ করে সেই গাড়িতে চড়ে বাড়ি ফিরেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার এক পুলিশ সদস্য। বিদায়বেলায় এমন সম্মাননায় সিক্ত হয়েছিল তাঁর চোখ। গতকাল বুধবার সন্ধ্যায় এই পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানিয়েছে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ।

বিদায়ী পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের শফিকুল ইসলাম। তিনি তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, ‘বিদায়টা সবার জন্য কষ্টের। সহকর্মী ও প্রিয় কর্মস্থল ছেড়ে আসার সময় খুবই খারাপ লাগে। তবে এমন সম্মানজনক বিদায় পেয়ে আমি আনন্দিত। বিদায়ের মুহূর্তে সুসজ্জিত গাড়িতে সম্মানের সঙ্গে বাড়িতে যাওয়া, এটা এক অন্য রকম অনুভূতি। এমন আনুষ্ঠানিক বিদায় আমাকে গর্বিত করেছে, আমি কোনো দিন ভুলব না।’

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপেল্লা রাজু নাহা বলেন, পুলিশ সদস্যদের অবসরে যাওয়ার দিনটি যাতে স্মরণীয় হয়ে থাকে, সে জন্য এ ব্যবস্থা করা হয়েছে। অবসরগ্রহণকারী পুলিশ সদস্য শফিকুল ইসলাম দীর্ঘদিন গাড়িতে চড়ে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত ছিলেন। কর্মজীবনের শেষ দিন যেন সেই গাড়িতেই বাড়ি যেতে পারেন, সে জন্য এ ব্যবস্থা করা হয়েছে।

এ সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা, উপপরিদর্শক আনোয়ার হোসেন, শফিকুর ইসলাম, বেলাল হোসেন, জীবন কৃষ্ণ মজুমদার, সহকারী উপপরিদর্শক মীর সিরাজুল ইসলাম, কৃষ্ণ সরকার, নুরুল আমিনসহ পুলিশের অন্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।