ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোট দেওয়ায় তরুণকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাল ভোট দেওয়ায় এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা ১১টার দিকে আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম মো. বাদশা (২০)। তাঁর বাড়ি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নে।
এদিকে সদর উপজেলার বাসুদেব ইউপি নির্বাচনে অনুমোদন ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগে ইমরান উজ্জামান নামের এক ভোটারকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আরেক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হুসাইন
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন প্রথম আলোকে বলেন, আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রিপন সরকার নামের এক ব্যক্তির নামে ব্যালট পেপার সংগ্রহ করে বাদশা ভোট দিতে যান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেন।
এদিকে বাসুদেব ইউপির দায়িত্বে থাকা নবীনগর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হুসাইন বলেন, নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়া ইমরান উজ্জামান মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাই সড়ক পরিবহন আইনে তাঁকে জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তিনি জরিমানার টাকা পরিশোধ করেছেন।
পঞ্চম ধাপে আজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১০ ইউপি ও আশুগঞ্জ উপজেলার ৮ ইউপিতে ভোট গ্রহণ চলছে।